বড় বোনকে আটকে ছোট বোনকে ধর্ষণ ২০ ঘর লোক নিশ্চুপ
‘আমরা দুই বোন মিলে ঘর ভাড়া নিছি, সঙ্গে কোনো পুরুষ ছিল না। তাই আমরা খারাপ।...এখন আমার বোনের জীবনটা কী হবে।’ গত বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ে বড় বোনকে আটকে রেখে কিশোরী ছোট বোনকে (১৫) ধর্ষণের আগে তাঁদের খারাপ মেয়ে আখ্যা দিয়েছিল ধর্ষকেরা। গতকাল শনিবার খিলগাঁও থানায় প্রথম আলোকে সেই বিভীষিকাময় রাতের কথা জানান বড় বোন। রাতে বাড়ির ২০ ঘর লোকের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। আসামিদের একজন খিলগাঁও থানা কৃষক লীগের সভাপতির ছেলে রাজীব বলে জানা গেছে। গতকাল পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে বৃহস্পতিবার রাতেই রাজীবের ভাইকে ধরে অভিযোগকারীদের সামনে হাজির করা হয়। কিন্তু তাঁরা শনাক্ত করতে না পারায় তাকে ছেড়ে দেওয়া হয়। তোমাগো লগে লোক কই...বড় বোন প্রথম আলোকে জানান, গত ৪ মার্চ তাঁরা এক হাজার টাকা ভাড়ায় খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া বড় বটতলার একটি বাড়ির এক কক্ষের ঘর ভাড়া নেন। ছাপরা টিনের বাড়িটিতে এ রকম আরও ২০টি ঘর আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা বাসায় আসামাত্র কয়েকজন বখাটে তাঁদের ঘরে ঢুকে পড়ে। জানতে চায়, ‘তোমাগো লগে লোক কই?’ তাঁদের সঙ্গে কোনো পুরুষ নেই জানানোর পরই বখাটেরা তাঁদের খারাপ মেয়ে আখ্যা দেয়। এ সময় ছোট বোনটি একটি বঁটি বের করে তেড়ে গেলে বখাটে যুবকেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বড় বোনটি প্রথম আলোকে আরও জানান, এর পর দুই বোন পাশের হানিফ ও নাসিমা দম্পতির ঘরে আশ্রয় নেন। এ সময় হানিফের মুঠোফোনে বারবার ফোন আসছিল। তিনি নিচু গলায় কথা বলছিলেন। তাঁরা সে ঘরে যখন ভাত খাচ্ছিলেন হানিফই তখন বখাটে যুবকদের ফোনে ডেকে আনেন বলে দাবি তাঁর। একপর্যায়ে দুই বোন বাড়ির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের ঘরে আশ্রয় নেন। সেখানেই বখাটে যুবকেরা তাঁকে আটকে রেখে ছোট বোনটিকে টেনেহিঁচড়ে তাদের ঘরে নিয়ে যায়। ওই বাড়ির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এর পর মেয়েটির আর্তচিত্কার শোনা যায়। কিন্তু কেউই বখাটে যুবকদের ভয়ে এগিয়ে যায়নি। অল্প কিছু সময় চিত্কারের পর আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।বড় বোন জানান, চার বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। আর ঘটনার শিকার বোনটি সবার ছোট। গ্রামের বাড়ি বরিশালে। ছোট বোনটি সেখানেই থাকত। তিনি সাত বছরেরও বেশি সময় ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আড়াই বছর আগে চাকরি ছেড়ে গাড়িচালক স্বামীর সঙ্গে সংসার শুরু করেন। কিন্তু বনিবনা না হওয়ায় কয়েক মাস ধরে তিনি আলাদা থাকছেন। তাই ছোট বোনকে বাড়ি থেকে নিয়ে আসেন। গত শুক্রবার ওই কিশোরী বাদী হয়ে ১০ ধর্ষক ও দুই সহযোগীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলায় অভিযুক্ত ধর্ষক জামাল এবং দুই সহযোগী হানিফ ও নাসিমাকে গ্রেপ্তার করেছে। বাড়ির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে হাজির করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।মামলায় নাম উল্লেখ করা বাকি আসামিরা হলো জামাল, সোহেল, আজিজ, সিরাজ, রানা, রাজীব, জামাল, আহসানউল্লাহ। তিনজন অজ্ঞাত।নিশাই ওরে খাইল: ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেলের মা হোসনে আরা প্রথম আলোকে বলেন, ‘নিশাই শ্যাষ করছে ওরে। খারাপ বন্ধুবান্ধবের পাল্লায় পইড়া শ্যাষ পর্যন্ত এই খারাপ মামলারও আসামি হইল।’হোসনে আরা জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে সে আর পড়েনি। এর পর সে কিছু দিন ফ্রিজ মেরামতের কাজ শিখেছে। কিছু দিন গাড়িও চালিয়েছে। তবে বারবার সে ফিরে গেছে নেশার জগতে। কয়েকবার তার চিকিত্সা করানোর পরও শেষ পর্যন্ত সে নেশা ছাড়তে পারেনি।তার মায়ের অভিযোগ, নেশার বন্ধুরাই তাকে ওই কাজে জড়িয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বেশির ভাগই দক্ষিণগাঁওয়ের বখাটে ছেলে। অপর আসামি রাজীব খিলগাঁও থানা কৃষক লীগের সভাপতি তারা মিয়ার ছেলে। গতকাল বিকেলে রাজীবদের বাড়িতে গেলে এ প্রতিবেদককে বাড়িতে ঢুকতে দেয়নি পরিবারের সদস্যরা।নিরাপত্তাহীনতায় পরিবারগুলো: ষাটোর্ধ্ব ময়েজউদ্দীন খিলগাঁও এলাকায় নৈশপ্রহরীর কাজ করছেন প্রায় ১০ বছর ধরে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই এলাকার পোলাপানগুলা ভালো না। কাজ-কাম করে না। নেশা ভাং খায়া পইরা থাকে।’ যে ঘরটিতে ধর্ষণের ঘটনা ঘটেছে তার পাশের ঘরের ঠেলাগাড়িচালক আফজাল ও তাঁর কিশোরী স্ত্রী ফাতেমা বেগম দিন কাটাচ্ছেন আতঙ্কে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, মূলত নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষের আবাসস্থল এ এলাকাগুলো। আছে মাদকের সমস্যা। যার ফলে ধর্ষণ বা নারীদের সঙ্গে বখাটেপনার মতো ঘটনাগুলো ঘটছে।এর আগে খিলগাঁও এলাকায় বখাটে যুবকদের অত্যাচারে আত্মহত্যা করেন নারায়ণগঞ্জ চারুকলার ছাত্রী সিমি। এ ছাড়া বখাটে যুবকদের হাতে গার্মেন্টসকর্মী, স্কুলছাত্রীসহ আরও বেশ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গত কয়েক বছরে।