বড় বড় উৎসবের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবে গেল বছর সংগীত পরিবেশন করেন বিদুষী গিরিজা দেবী l প্রথম আলো
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবে গেল বছর সংগীত পরিবেশন করেন বিদুষী গিরিজা দেবী l প্রথম আলো

নতুন নতুন নাটক প্রযোজনা হয়েছে। দর্শকনন্দিত নতুন সিনেমা তৈরি হয়েছে। তার অনেকগুলোই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা। শিল্পীরা নতুন নতুন অ্যালবাম বের করেছেন। ২০১৬ সাল সাংস্কৃতিক অঙ্গনে ছিল সবচেয়ে ব্যস্ত বছরগুলোর একটি। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বড় বড় উৎসবের আয়োজন। ফোক ফেক্ট, বেঙ্গলের উচ্চাঙ্গসংগীত উৎসব, ঢাকা লিট ফেস্ট, নানা রকম চলচ্চিত্র উৎসব আর বছরের শেষ দিকে এশিয়ান দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী জমজমাট করে রেখেছিল রাজধানীর সংস্কৃতিজগৎকে।
নাটকের উৎসব
এ বছর মঞ্চস্থ হয়েছে প্রচুর নাটক। এসেছে বিভিন্ন নাট্যদলের নতুন সব প্রযোজনা। বিভিন্ন উৎসব উপলক্ষে শততমবার মঞ্চায়ন হয়েছে কোনো কোনো নাটকের। নতুন করে চালু হয়েছে বাংলাদেশের নাটকের সূতিকাগার মহিলা সমিতি মঞ্চ। সেখানেই হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ‘ভাঙা-গড়া নাট্য উৎসব’। ২৪ সেপ্টেম্বর শিল্পকলায় হয়ে গেল ১৮ দিনের জাতীয় নাট্যোৎসব। আর অক্টোবরে ছিল ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি দল ১০ দিনের সেই উৎসবে মঞ্চস্থ করে অনেক নাটক।
চলচ্চিত্র উৎসবের জয়জয়কার
১৪ জানুয়ারি রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয় ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ৬০ দেশের ১৭০টি ছবি নিয়ে শহরজুড়ে ছিল এর ভেন্যু। ২৩ জানুয়ারি শুরু হয় নবম ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। ঢাকা, রাজশাহী ও সিলেটের মোট ১৫টি স্থানে সাত দিন ধরে প্রদর্শিত হয় উৎসবের ছবিগুলো। ১২ ও ১৩ মার্চ শিল্পকলা একাডেমিতে ছিল ‘তৃতীয় তারেক মাসুদ উৎসব’। সেখানে দেওয়া হয়েছে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্রনির্মাতা’ পুরস্কার। ৩ ডিসেম্বর থেকে ছিল ১৪তম ‘ঢাকা আন্তর্জাতিক স্বল্প ও মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। ১০৮টি দেশ থেকে সেখানে জমা পড়েছিল আড়াই হাজার চলচ্চিত্র। বাছাই করে দেখানো হয়েছে ৫০০ ছবি। এ ছাড়া ২ থেকে ৮ অক্টোবর ৬৪টি জেলার শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি। দেখানো হয়েছে ৮৪টি ছবি।
ঢাকা আর্ট সামিট
তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজন করা হয় দক্ষিণ এশীয় শিল্পকলাবিষয়ক সর্ববৃহৎ শিল্পকলার আয়োজন ‘ঢাকা আর্ট সামিট’। ৫ থেকে ৮ ফেব্রুয়ারি সামদানি আর্ট ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ আয়োজন করে। বাংলাদেশ ও পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পী, কিউরেটর, জাদুঘর প্রতিনিধি, স্কলার এবং পরিদর্শকেরা একত্র হন এখানে। এর ‘রিওয়াইন্ড’ বিভাগে ১৯৮০ সালের আগের দক্ষিণ এশীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করা হয়, ক্রিটিক্যাল রাইটিং বিভাগে ২০ জন শিল্পবিষয়ক লেখক দক্ষিণ এশীয় শিল্পবিষয়ক পরীক্ষামূলক লেখা নিয়ে গবেষণা করেন। এ সামিটের এবারের আকর্ষণ ছিল, স্পিকার প্যানেলে বাংলাদেশসহ পৃথিবীর ১৫টি দেশের মোট ৩৫ জন স্পিকার তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ছিল সামদানি আর্ট অ্যাওয়ার্ড।
ঢাকা লিট ফেস্টে ভি এস নাইপল
প্রতিবছরের ঢাকা লিটারেচার ফেস্ট এবার আলাদা মাত্রা পেয়েছিল নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপলের উপস্থিতির কারণে। অনুষ্ঠান উদ্বোধন করা ছাড়াও বিপুলসংখ্যক দর্শক ও ভক্তের সঙ্গে একটি অধিবেশনে কথা বলেন তিনি। ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনে মোট ৯০টি অধিবেশন ছিল এ উৎসবে। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লিসহ অনেক দেশের সাহিত্যিকেরা ছিলেন এ উৎসবে।
ফোক ফেস্টে কৈলাস খের
একগুচ্ছ দেশি-বিদেশি শিল্পী নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মতো হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। বনানীর আর্মি স্টেডিয়ামে ১০ থেকে ১২ নভেম্বর এ উৎসবে যোগ দেন ভারতের খ্যাতিমান শিল্পী কৈলাস খেরসহ আরও বিভিন্ন দেশের বাউলশিল্পীরা।
পঞ্চম উচ্চাঙ্গসংগীত উৎসবে গিরিজা দেবী
নভেম্বরের ২৪ থেকে ২৮ তারিখ পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। প্রথমবারের মতো এ উৎসবে যন্ত্রসংগীত পরিবেশন করতে এসেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান সরদশিল্পী ওস্তাদ আশিস খান, বেহালাশিল্পী এল সুব্রামানিয়ামসহ আরও বেশ কজন শিল্পী। এই উৎসবেই শেষবারের মতো কণ্ঠসংগীত পরিবেশন করে গেলেন বিদুষী গিরিজা দেবী।
দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী
শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলার সব থেকে বড় আয়োজন ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’। ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী শুরু হয় ১৭তম এ প্রদর্শনী। এবার এতে অংশ নিয়েছে এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোসহ বিশ্বের ৫৪টি দেশ। বাংলাদেশ থেকে ৫৫৬ জন শিল্পীর শিল্পকর্ম থেকে বাছাই করে ১৪৮ জনের ১৫৪টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য মনোনীত করা হয়। দেশের উল্লেখযোগ্য ৫৪ জন আমন্ত্রিত চিত্রশিল্পীর ৫৩টি শিল্পকর্ম, ৫৩টি দেশের ১৫০ শিল্পীর ২৬০টি শিল্পকর্ম প্রদর্শনীতে রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর শিল্পী, শিল্প-সমালোচক, মিউজিয়াম কিউরেটরসহ মোট ১৪৫ জন বিদেশি এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
ব্যস্ত থেকেছেন নৃত্যশিল্পীরা
এ বছর হয়ে গেল বেশ কয়েকটি নাচের উৎসব ও প্রতিযোগিতা। বয়স ও বিষয়ভিত্তিক নাচের প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখ কত্থক নাচের আয়োজন করেছে কত্থক সম্প্রদায়। সেখানে নাচ করতে এসেছেন নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ।
১৬ দিন ধরে লাল-সবুজের মহোৎসব
ডিসেম্বরের প্রথম দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ১৬ দিনের ‘লাল-সবুজের মহোৎসব’। শেষও হয় একই জায়গায়। বাকি দিনগুলোতে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ছিল গান ও আবৃত্তির আয়োজন।
অন্যান্য আয়োজন
গত বছরের শেষ দিন শুরু হয়ে এ বছরের ২ জানুয়ারি শেষ হয় ‘অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব’। শিল্পকলা একাডেমিতে ছিল ব্যান্ড ফেস্ট। শহরের বিভিন্ন ভেন্যুতেও ছিল ব্যান্ড সংগীতের আয়োজন। এ বছর ২৫ বছর পূর্তি উৎসব করে জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি। শিল্পকলায় ১১ থেকে ১৪ আগস্ট ছিল বাউলদের মিলনমেলা। নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা বছর ছিল কর্মশালা ও বিভিন্ন জায়গায় তাঁর নাটকের মঞ্চায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলিয়ঁস ফ্রঁসেজে ছিল মূকাভিনয় পরিবেশনা ও উৎসব।