বড় বড় গর্ত, ঝুঁকিপূর্ণ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বেহালসড়ক৮৭

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে বহু গর্তের। প্রতিদিন এসব গর্তে আটকা পড়ছে যানবাহন। ছবিটি গত রোববার পেকুয়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে বহু গর্তের। প্রতিদিন এসব গর্তে আটকা পড়ছে যানবাহন। ছবিটি গত রোববার পেকুয়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

সড়কের বেশির ভাগ স্থানে পিচ নেই। একটু পরপর বড় বড় গর্ত। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে যানবাহন চলাচল করছে। এ চিত্র কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী থেকে পেকুয়ার মগনামা পর্যন্ত সড়কের। এতে দুটি উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গত সোমবার সরেজমিনে সড়কের পাশের এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এটি পেকুয়া উপজেলার প্রধান সড়ক। উপজেলার মগনামা উপকূলীয় বেড়িবাঁধের সংস্কারকাজ চলছে। সেখানে অতিরিক্ত বোঝাই করে ট্রাকে পাথর নেওয়া হচ্ছে।

সওজ কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচল বন্ধ করতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসি ও ইউএনওকে চিঠি দেওয়া হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। 

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। গত বর্ষা মৌসুম থেকে এ সড়কে যাতায়াতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক চলাচলে বাধা সৃষ্টি করতে সড়কের ওপর খুঁটি বসানো হয়। কিন্তু খুঁটিগুলো সরিয়ে ঠিকই বড় বড় ট্রাক মগনামা চলে যাচ্ছে।

পেকুয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের (পেকুয়া বাজার) কয়েকজন ব্যবসায়ী বলেন, চকরিয়ার বরইতলী থেকে পেকুয়ার মগনামা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। সড়কটির সাবেক গুলদি স্টেশন থেকে ভোলাইয়াঘোনার চরপাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার অংশে দুই শতাধিক গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে পেকুয়া চৌমুহনী, মিয়াপাড়া, সাবেক গুলদি ও পেকুয়া বাজার এলাকায় সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এ কারণে বাজার এলাকায় প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকে।

পেকুয়া-চকরিয়া সড়কে চলাচলকারী অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হারুণর রশিদ বলেন, পেকুয়া বাজারের এক কিলোমিটার অংশে, মিয়াপাড়া, পেকুয়া চৌমুহনী ও সাবেক গুলদি স্টেশন এলাকায় শতাধিক গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। এসব গর্তে প্রায়ই যানবাহন আটকা পড়ছে। এতে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, যানজটও লেগে থাকছে। পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, পেকুয়া বাজার উপকূলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় চকরিয়ার বদরখালী ও কোনাখালী, মহেশখালীর মাতারবাড়ী ও কালারমারছড়া, বাঁশখালীর ছনুয়া ও পুঁইছড়ি এবং কুতুবদিয়ার লোকজন এখানে কেনাকাটা করতে আসেন। কিন্তু প্রধান সড়কটি বেহাল হয়ে পড়ায় ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া সোমবার প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক যত দিন ওই সড়ক দিয়ে চলাচল করবে, তত দিন সড়কটি সংস্কার করে লাভ নেই। কারণ, সড়কটি পাঁচ টনের বেশি পণ্যবোঝাই যান চলাচলের উপযোগী নয়। এসব ট্রাকের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১০-১২ দিন আগে চিঠি দেওয়া হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।

ইউএনও জয়নাল আবদিন বলেন, ‘সওজ বিভাগের কোনো চিঠি এখন পর্যন্ত পাইনি। তবে এই সড়কে যাতে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক না চলে সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, এ-সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি। তবু তিনি ট্রাকচালকদের অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল করতে নিষেধ করেছেন।