বড় বড় গর্ত, দুই বছর ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-ভোলাগঞ্জ সড়কে তৈরি হয়েছে ছোট–বড় অসংখ্য গর্ত। বৃষ্টির পানি জমে সড়কটিতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবিটি গতকাল বিকেলে ছালিয়া এলাকা থেকে তোলা l আনিস মাহমুদ
সিলেট-ভোলাগঞ্জ সড়কে তৈরি হয়েছে ছোট–বড় অসংখ্য গর্ত। বৃষ্টির পানি জমে সড়কটিতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবিটি গতকাল বিকেলে ছালিয়া এলাকা থেকে তোলা l আনিস মাহমুদ

মহাসড়কের স্থানে স্থানে বিশাল বড় গর্ত। কোনো কোনোটি কয়েক ফুট গভীর। তাতে বৃষ্টির পানি জমে আছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। গর্তে পড়ে বিকল হচ্ছে। ১৪ জুন বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এমন দৃশ্য দেখা গেছে।

এই মহাসড়ককে ‘ক্যানসার আক্রান্ত’ সড়ক বলে মন্তব্য করেছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের অর্ধেকের বেশি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দুই বছর ধরে এই পথে বাস চলাচল বন্ধ। গত বুধবার সিলেট সদর থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে ১১টি ট্রাক, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৫টি পিকআপ এবং ২টি মাইক্রোবাস বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিকল ১টি ট্রাকের চালক মঈনুদ্দিন আহমদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে পাথর নিতে ভোলাগঞ্জে এসেছি। ফিরতি পথে চাকা নষ্ট হয়ে গেছে।’

বেলা তিনটার দিকে সালুটিকর এলাকায় প্রায় ৬০ গজের মধ্যে ৩টি ট্রাক, ১টি পিকআপ ও ৪টি অটোরিকশা বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। চোখের সামনেই তিনজন যাত্রীসহ সিলেটগামী ১টি অটোরিকশা মহাসড়কের এক বিশাল গর্তে পড়ে যায়। পরে যাত্রীরা পেছন থেকে ঠেলে অটোরিকশাটি শুকনো স্থানে তোলেন। কিন্তু পানি ঢুকে পড়ায় অটোরিকশাটি আর চালু করতে পারেননি চালক।

সালুটিকর এলাকায় বিকল পিকআপ ভ্যানের চালক মাসুদ মিয়া বলেন, প্রায়ই মহাসড়কের বিশাল সব গর্তে পড়ে গাড়ির চাকা পাংচার হয়। অটোরিকশার চালক আবদুল হক বলেন, ‘আগে ৪০-৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাওয়া যেত, এখন ভাঙা সড়কের কারণে ৩ ঘণ্টায়ও যাওয়া সম্ভব হয় না। পুরো সড়কটি বেমারে (অসুখ) আক্রান্ত। যত তাড়াতাড়ি এই বেমার দূর অইব, ততই ভালা। ভাঙাচোরা অংশে যানবাহন পড়ে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।’

সরেজমিনে দেখা গেছে, সড়কের কাকুয়ারপাড়, ধোপাগুল, লালবাগ, ছালিয়া, পাগলামুড়া, সালুটিকর, বর্ণি, তেলিখাল, লাছুখাল, টুকেরবাজার, তৈমুরনগর, পারুয়াবাজার, থানাবাজার ও ভোলাগঞ্জ অংশের অবস্থা সবচেয়ে খারাপ। এসব এলাকায় সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই-পাথর উঠে কয়েক হাত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে দেবে গেছে মাটি। এর বাইরে পুরো সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তো রয়েছেই। তবে সড়কের ধোপাগুল, ছালিয়া ও সালুটিকর এলাকার কিছু অংশে পুনর্নির্মাণের কাজ চলছে।

সড়কের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর ধরে মহাসড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ পথ দিয়ে দেশের সবচেয়ে বড় পাথরকোয়ারি ভোলাগঞ্জে প্রতিদিন কয়েক হাজার ট্রাক যাতায়াত করে। এর বাইরে জেলা শহর সিলেটে পৌঁছার জন্য কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলার বাসিন্দারা এ সড়ক ব্যবহার করেন। তাঁদের প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ সড়ক দিয়েই আবার পর্যটনস্পট রাতারগুল ও বিছনাকান্দি যেতে হয়।

সড়কের গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও অংশে কথা হয় কৃষক শামসুদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য জেলা শহরে নিতে সমস্যা হয়, বিশেষ করে প্রসূতিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় গাড়ির ঝাঁকুনিতে রাস্তার মধ্যেই বাচ্চা প্রসবের ঘটনা ঘটছে। সড়কের পাশের মিত্রিমহল গ্রামের দিনমজুর বোরহান উদ্দিন বলেন, সড়কের নির্মাণকাজ শুরু হলেও সেটি চলছে ধীরগতিতে। মানুষ দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।

কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা রহিম বক্স বলেন, দুই বছর আগে এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। সিলেট থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত এসব বাসের ভাড়া ছিল মাত্র ২০ টাকা। এখন বাস না চলায় অটোরিকশায় যাতায়াত করতে হয়। এতে ভাড়া গুনতে হয় ১৫০ থেকে ২০০ টাকা। দুজন অটোরিকশাচালক বলেন, এ সড়ক দিয়ে যাতায়াত করতে হলে অটোরিকশার ক্ষতি হয়। এ কারণে তাঁরা বেশি ভাড়া নেন।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘চলতি বছর সড়কে কাজ শুরু হয়েছে জেনে এলাকাবাসী আনন্দিত হয়েছিল। কিন্তু এ কাজের সময়সীমা নাকি আগামী তিন বছর। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

২০১৪ সালের মে মাসে মহাসড়কটি সরেজমিনে পরিদর্শন শেষে এটিকে ‘ক্যানসার আক্রান্ত সড়ক’ বলে মন্তব্য করেছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি পুনর্নির্মাণের কাজ শুরুর আশ্বাস দেন। তাঁর আশ্বাস অনুযায়ী, চলতি বছর ৪১৫ কোটি টাকা ব্যয়ে এ মহাসড়ক পুনর্নির্মাণের কাজ শুরু হয়।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ‘চলতি বছর সড়কের ১৫ শতাংশ কাজ হওয়ার কথা। এ কাজ দ্রুতগতিতে চলছে। বাকি দুই বছরে সড়কের নির্মাণকাজ শেষ করা হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন কাজ শেষ হয়, সে জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজরদারি রয়েছে।’