বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের কারাদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই মাইনুদ্দিন ঢালীকে (৩২) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা দেন।
নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন ঢালী। তাঁকে হত্যার দায়ে ছোট ভাই মাইনুদ্দিন ঢালীকে সাজা দেওয়া হয়েছে। তাদের বাড়ি হাজীগঞ্জের মকিমাবাদ এলাকায়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৬ মে দুপুরে পৌর এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঢালী ফার্মেসিকে কেন্দ্র করে মাইনুদ্দিন ঢালী ও আরিফ হোসেন ঢালীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই হাতুড়ি দিয়ে বড় ভাইকে আঘাত করে। পরে বড় ভাই আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আরিফ হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার লিপি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাইনুদ্দিন ঢালী, ফরহাদ, নাজমা ও সাদিয়াকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন একই বছরের ১৭ জুলাই আদালতে প্রতিবেদন দেন।
অর্থদণ্ডের ১০ লাখ টাকা নিহত আরিফের স্ত্রী (বাদী) ও তাঁর সন্তানেরা পাবেন বলে আদালত জানান। মামলার বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত।