বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড
খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজল হত্যা মামলায় তাঁর ছোট ভাই কবীরুল ইসলাম ভরসাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ সোমবার ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমীন এ রায় দেন।
এই আদালতের পেশকার ইফতেখার উদ্দিন প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৭ এপ্রিল পল্টন থানাধীন বিজয়নগরের এলিট সেন্টারের নিউএজ টোব্যাকোর অষ্টম তলায় খায়রুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভগ্নীপতি ইমরান হোসেন বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ২০ মে পুলিশ কবীরুলকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ১৫ নভেম্বর তাঁর বিচার শুরু করেন।
মামলার নথি থেকে জানা যায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কবীরুল বলেন, তিনি বাবার কাছ থেকে টাকা নিয়ে একটি কোল্ড স্টোরেজ করেন। সেটা চালু করার জন্য তিনি আবার বাবার কাছে টাকা চান। তাঁর বাবা ৭৫ লাখ টাকার একটি স্লিপ দেন খায়রুলের কাছে। পরে তিনি ওই স্লিপের জন্য ভাই খায়রুলের অফিসে যান। খায়রুল তখন মোবাইলে বাবার সঙ্গে কথা বলছিলেন। তিনি টাকা চাইলেও ভাই সেদিকে গুরুত্ব না দিয়ে কথা চালিয়ে যেতে থাকেন। এ সময় ক্ষুব্ধ হয়ে তিনি পিস্তল দিয়ে ভাইকে গুলি করেন।
২০১০ সালের ১১ মার্চ কবীরুল আদালত থেকে জামিন নেন এবং বর্তমানে পলাতক রয়েছেন।