বড় ভাইকে পিটিয়েছেন ছোট ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী খোদেজা বেগমকে (২৭) মারধর করছিলেন মাহমুদ হোসেন (৩৬)। কিন্তু এতে বাধা দেন মাহমুদের বড় ভাই গোলাম মোস্তফা (৫৪)। মাহমুদ এ সময় গোলাম মোস্তফাকে মারধর করেন। গত বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রধানেরচর গ্রামে এ ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী মমতাজ বেগম জানান, ২০০৫ সালের ২১ জুলাই মাহমুদ তাঁর প্রথম স্ত্রী পলিকে পানিতে ডুবিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মেয়ের জামাইকে আসামি করে পলির বাবা মামলা করেন। ওই হত্যা মামলা থেকে রেহাই পেতে পরিবারের যৌথ জমি বিক্রি করে প্রায় ১৭ লাখ টাকা খরচ করা হয়। পরে মাহমুদকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয়। কিন্তু মাহমুদ বিনা কারণে খোদেজাকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন। বৃহস্পতিবার বিকেলে খোদেজাকে নির্যাতনে বাধা দেওয়ায় মাহমুদ তাঁকে (বড় ভাই) মারধর করেন। ঘটনার পরই মাহমুদ পালিয়ে যান আর খোদেজা উপজেলার বাঘাইকান্দি গ্রামে বাবার বাড়ি চলে যান।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুল হক মোল্লা জানান, উন্নত চিকিৎসার জন্য গোলাম মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি যাননি।গোলাম মোস্তফার মেজো ভাই ঢাকায় দায়িত্বরত গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী বলেন, স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগে গোলাম মোস্তফার স্ত্রী মমতাজ বেগম গজারিয়া থানায় গতকাল শুক্রবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন লিখিত অভিযোগ ও মাহমুদ হোসেনের বিরুদ্ধে ২০০৫ সালের স্ত্রী হত্যার মামলার বিষয়টি নিশ্চিত করে গতকাল বলেন, মারধরের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।