হত্যার দায়ে দম্পতির ফাঁসির আদেশ
চট্টগ্রামের মিরসরাইতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ও তাঁর স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন।
ফাঁসির আদেশ পাওয়া দম্পতি হলেন--নুর মোহাম্মদ ও রহিমা বেগম।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আসামিরা পলাতক। তাঁদের অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল ও থানা সূত্র জানায়, ২০০৫ সালের ১১ নভেম্বর মিরসরাইয়ের পাতাকোট গ্রামে অসুস্থ বোন সালমা বেগমকে দেখতে যান আবুল কালাম। খবর পেয়ে তাঁর ছোট ভাই নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী রহিমা বেগমও সেখানে যান। পারিবারিক বিরোধের জের ধরে সেখানে কালামকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় কালামের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে থানা-পুলিশ ২০০৬ সালের ২ জানুয়ারি ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম বলেন, ফাঁসির দণ্ড পাওয়া দম্পতি জামিনে নিয়ে পালিয়েছেন।