বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্ব কাউখালী গ্রামের বশির হাওলাদারকে হত্যার দায়ে তাঁর ছোট ভাই ফিরোজ হাওলাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাসেম মো. মোস্তফা এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বশির হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। স্বামী বাড়িতে ফিরে না আসায় বশিরের স্ত্রী নুরুন নাহার বেগম তাঁর শ্বশুর ও ভাইকে নিয়ে খুঁজতে বের হন। রাত দুইটার দিকে তাঁরা পূর্ব কাউখালী গ্রামের একটি মাছের ঘেরসংলগ্ন ঝোপের মধ্যে বশির হাওলাদারের গলা কাটা লাশ খুঁজে পান। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্বামীকে খুন করা হতে পারে, এই অভিযোগে নুরুন নাহার বাদী হয়ে পরদিন রাঙ্গাবালী থানায় মামলা করেন। পুলিশ ২৫ অক্টোবর নিহত বশিরের ভাই ফিরোজ হাওলাদারকে সন্দেহভাজন হিসেবে আটক করে। আটকের পর ফিরোজ জিজ্ঞাসাবাদে বশিরকে হত্যার কথা স্বীকার করেন। পরদিন ২৬ অক্টোবর ভাইকে হত্যার কথা স্বীকার করে ফিরোজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জানুয়ারি ছোট ভাই ফিরোজ হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।