বড় ভাইসহ ২৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে আবদুল হাদিস নিহতের ঘটনায় উল্টো তাঁর বড় ভাইসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা করা হয়েছে। রোববার রাতে বিজিবি ও আখাউড়া থানার পুলিশ ওই মামলা করে।
নিহত হাদিস (৪২) আখাউড়া উপজেলা যুবদলের সহসভাপতি। তাঁর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আখাউড়া উপজেলা বিএনপি গতকাল সোমবার উপজেলায় আধা বেলা হরতাল পালন করে। হরতাল চলাকালে শহরে প্রতিবাদ মিছিল হয়। বিকেলে তারাগন গ্রামে আবদুল হাদিসকে দাফন করা হয়।
তারাগনে নিজ বাড়ির পাশে মাঠে জানাজার আগে নিহতের বড় ভাই আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়া লোকজনের উদ্দেশে বলেন, রোববার ভোটের দিন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন নির্বিঘ্নে জাল ভোট দিচ্ছিলেন। বিজিবির কাছে তাঁরা এ ঘটনার নালিশ করেন। এতে বিজিবি তাঁদের লাঠিপেটা করেন। একপর্যায়ে বিনা উসকানিতে গুলি চালালে তাঁর ছোট ভাই গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। তিনি তাঁকে ও তাঁর গ্রামের লোকজনকে হয়রানি না করতে পুলিশের প্রতি অনুরোধ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
আখাউড়া থানার পুলিশ জানায়, হাদিসের মৃত্যুর ঘটনায় বিজিবির ১২ ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. আলী আরশাদ থানায় মামলা করেন। এতে তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা, বিজিবির ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। মামলায় বাহার মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
একই ঘটনায় আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল দেবনাথ হত্যা মামলা করেন। বিজিবির করা মামলার আসামিদেরই এই মামলায় আসামি করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামঞ্চদ হোসেন প্রথম আলোকে বলেন, দুটি মামলা রোববার রাতে রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। নিহতের পরিবার অভিযোগ দিলে পুলিশ তাও তদন্ত করবে। উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।