বড় ভাইয়ের আদালতে আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে ছোট দুই ভাই খুনের ঘটনার ছয় দিন পর বড় ভাই আবুল কালাম আজাদ গতকাল রোববার চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেছেন। চট্টগ্রামের বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি আবুল কালাম আজাদ গতকাল স্বেচ্ছায় আদালতে এসে আত্মসমর্পণ করেন। এরপর তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানির পর আসামির জামিন নামঞ্জুর হয়। সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সম্পত্তির লোভে ছোট দুই ভাইকে খুন করেন আবুল কালাম আজাদ। আসামি ছয় দিন পর আদালতে এসে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ২২ জুলাই রাউজানের সুলতানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম আজাদ ছোট দুই ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর আবুল কালাম আজাদ পলাতক ছিলেন।