বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
রাজধানীর মিরপুর ১২ নম্বরে গতকাল রোববার বড় ভাই সোহেলের হাতে খুন হয়েছেন ছোট ভাই পোশাকশ্রমিক মোহাম্মদ মামুন (১৮)। আশপাশের লোকজন সোহেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনের সঙ্গে ঝগড়ার পর ১০টার দিকে সোহেল তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মামুনকে মিরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, হত্যায় ব্যবহূত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল বলেছেন, আক্রোশ থামাতে না পেরে তিনি ভাইকে খুন করেছেন।স্বজনেরা জানান, মামুন মা-ভাইয়ের সঙ্গে মিরপুর ১২ নম্বরের জি ব্লকের ২৫ নম্বর সড়কের ৮ নম্বর বাসায় থাকতেন। সোহেলও পোশাক কারখানায় কাজ করতেন, এখন বেকার। মাদকাসক্ত সোহেল টাকার জন্য প্রায়ই মা ও ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করতেন। স্বজনেরা জানিয়েছেন, এর জের ধরেই গতকাল সোহেল ছোট ভাইকে খুন করেছেন।