বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই দা দিয়ে কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।নিহত ব্যক্তির নাম দেলোয়ার ফকির (৪৫)। তিনি দিয়াকুল গ্রামের শাহেদ আলীর ছেলে। পুলিশ গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে।থানা-পুলিশ জানায়, দেলোয়ার ফকিরের সঙ্গে তাঁর বড় ভাই আবদুল হক ফকিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে দেলোয়ার ফকির বাজার নিয়ে বাড়ি ফেরার পথে আবদুল হক ও তাঁর সহযোগীরা দা দিয়ে কুপিয়ে তাঁকে (দেলোয়ার) হত্যা করে লাশ একটি বাগানে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে লাশ মর্গে পাঠানো হয়।সদর থানার ওসি আবদুল মান্নান জানান, এ ঘটনায় দেলোয়ার ফকিরের স্ত্রী নারগিস বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। দেলোয়ার ঢাকায় ব্যবসা করতেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।