বড় মাছের চেয়ে ছোটর দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ বাজারে ছোট দেশি মাছের সংকটে আকাশছোঁয়া দাম হাঁকছেন মাছ ব্যবসায়ীরা। ছবিটি গতকাল সৈয়দপুর মাছ বাজার থেকে নেওয়া l প্রথম আলো
মাছ বাজারে ছোট দেশি মাছের সংকটে আকাশছোঁয়া দাম হাঁকছেন মাছ ব্যবসায়ীরা। ছবিটি গতকাল সৈয়দপুর মাছ বাজার থেকে নেওয়া l প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরের মাছের বাজারে এখন বড় মাছের চেয়ে ছোট মাছের দাম অনেক বেশি। ৫০০ টাকা কেজির নিচে কোনো দেশি ছোট মাছই পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ ক্রেতারা বাজার করতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

গতকাল বুধবার সৈয়দপুর রেলবাজার, সবজি মার্কেটের মাছ বাজার, ভেতর মার্কেটের মাছ বাজার, নিচু কলোনি বাজার, গ্যারিসন ক্যান্ট মাছ বাজার ও চৌমুহনী মাছের বাজার ঘুরে দেখা গেছে, পুঁটি মাছের কেজি ৬০০ টাকা, গছি, টেংরা মাছের কেজি এক হাজার টাকা, মাগুর মাছ মাঝারি সাইজের ৯০০ টাকা, মলা ৫০০, পুঁটি ও দাড়কিনা প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

শহরের মাছের ব্যবসায়ী নিরাসু, নিরা ও বাদল জানান, নদী-নালা ও ডোবায় পানি না থাকায় ছোট মাছ মিলছে না। অনেক কষ্ট করে বেশি দাম দিয়ে দূরের মোকাম থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। যেখানে নদী-বিল আছে, সেখান থেকে এসব ছোট মাছ নিয়ে আসা হচ্ছে। ফলে পরিবহন ও বরফ এবং অন্যান্য কারণে দাম পড়ছে বেশি। তাই বেশি দামে এসব দেশি ছোট মাছ বিক্রি করতে হচ্ছে।

এদিকে বর্তমানে বাজারে রুই প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।রেলবাজারে বাজার করতে যাওয়া নতুন বাবুপাড়ার বাসিন্দা ও রেলওয়ে কারখানার চাকরিজীবী কাজী জাহিদুল হক বলেন, এক কেজি টেংরা মাছ এক হাজার টাকা চাওয়া হয়েছে তাঁর কাছে। তিনি রাগে, ক্ষোভে চলে আসেন সবজি মার্কেটের মাছ বাজারে। সেখানে গছি ও টেংরা মিলে এক কেজি দেশি মাছ কেনেন ৮০০ টাকায়। তিনি অভিযোগ করেন, রমজানের অজুহাতে ছোট মাছের দাম এভাবে বাড়ানো হয়েছে। ফলে গরিব ক্রেতারা ফিরে যাচ্ছেন মাছ না কিনে।

শহরের বাঙালিপুর সরকারপাড়ার বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের প্রভাষক আলমগীর সরকার জানান, পরিবারের সবাই ছোট, দেশি মাছ পছন্দ করে। তাই রেলওয়ে মাছ বাজারে এসেছিলেন মাছ কিনতে। কিন্তু দাম শুনে চোখ কপালে উঠেছে। বড়র চেয়ে ছোট মাছের দাম শুনে তিনি বিস্মিত।

সৈয়দপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়ন, একটি পৌরসভাসহ এলাকার ১২১ দশমিক ৬১ বর্গকিলোমিটারে আয়তনে মোট জনসংখ্যা হচ্ছে ৩ লাখ ৬৪ হাজার ৪৬১ জন। বিপুল এই জনসংখ্যার জন্য প্রতিবছর মাছের চাহিদা ৫ হাজার ২৫ টন। অথচ এখানে উৎপাদিত হচ্ছে মাত্র ১ হাজার ৭৮৩ টন মাছ। ফলে প্রতিবছর মাছের ঘাটতি থাকছে ৩ হাজার ২৪২ টন।

উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, সৈয়দপুরে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তবে আমিষের চাহিদা পূরণে মৎস্যজীবী ও চাষিপর্যায়ে প্রদর্শনী স্থাপন, উপকরণ বিতরণ, প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই অঞ্চলের পুকুর, দীঘি ও বিলে সারা বছর পানি না থাকায় মাছ চাষে ব্যয় বাড়ছে। আপৎকালীন এসব মাছ উৎপাদন কেন্দ্রে শ্যালো মেশিনের সাহায্যে পানি দিতে হয়।

শহরের উপকণ্ঠে কামারপুকুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানি উপকেন্দ্র অবস্থিত। সেখানকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল হাসান জানান, বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ বংশবিস্তারে এই কেন্দ্রটি গবেষণার কাজ করছে। এখানে শিং, টাকি, টেংরা, তেলাপিয়া, সরপুঁটি ইত্যাদি দেশীয় জাতের মাছের পোনা উৎপাদন করে প্রদর্শনী ও চাষিপর্যায়ে সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে মাছচাষি ও পুকুরমালিকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বাদু পানি উপকেন্দ্রটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এ জনপদের মানুষ বেশি উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।