বড় রাজনৈতিক দলে এখনো নারীর অবস্থান পাল্টায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর চার বছর বাকি। ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সব স্তরের নেতৃত্বে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর গত বছর সম্মেলন হলেও তাতে নারীর অবস্থানের তেমন কোনো অগ্রগতি হয়নি।

সর্বশেষ কাউন্সিল শেষে কমিটি পর্যালোচনায় দেখা গেছে, গত আট বছরে কেন্দ্রীয় নেতৃত্বে আওয়ামী লীগ ১৮ দশমিক ৫১ শতাংশ, বিএনপি ১৩ দশমিক ০৫ ও জাতীয় পার্টি ৮ দশমিক ৪৮ শতাংশ কোটা পূরণ করেছে। এ নিয়ে তিন দলের নারী নেত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দলে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নারী থাকলেও তাঁরা সুযোগ পান না।

এই পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ২০০৮ সালে হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ৩৩ শতাংশ নারীর কোটা পূরণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা আছে। যে দল ব্যর্থ হবে, আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। সুতরাং এ  বিষয়ে দলগুলোকে এখন থেকেই সতর্ক হতে হবে।

গত অক্টোবরে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে ঘোষিত ৮১ জনের কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র ১৫ জন। দলটি লক্ষ্যমাত্রা থেকে ১৪ দশমিক ৪৯ শতাংশ পিছিয়ে। দলের সভানেত্রী শেখ হাসিনা। ১৪ সদস্যের সভাপতিমণ্ডলীতে তিন নারী হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন। ৩১টি সম্পাদকীয় পদের মধ্যে নারীরা পেয়েছেন মাত্র ৫টি। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নারীবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। ২৮ জন সদস্যের মধ্যে নারী পাঁচজন।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ৮ বছরে ১৮ শতাংশের বেশি পদে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। বাকি চার বছরে অবশিষ্ট নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন কোনো কাজ নয়। সে জন্য দলের বর্তমান কমিটিতে এ কাজটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত মার্চে অনুষ্ঠিত কাউন্সিল শেষে বিএনপির ৫২১ জনের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র ৬৮ জন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাহী কমিটির ২০৯টি পদের মধ্যে নারী ২৩ জন। তাঁদের মধ্যে ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী ও সেলিমা রহমান। জাতীয় নির্বাহী কমিটির ২৯৩ জন সদস্যের মধ্যে নারী ৪৪ জন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারীর নেতৃত্ব নিশ্চিত করা যাবে কি না, তা এ মুহূর্তে বলা মুশকিল। তাঁদের চেষ্টা অব্যাহত থাকবে। বর্তমানের কমিটিতেও বেশ কিছু পদ খালি আছে। সেগুলোতে নারীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা আছে।

তবে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ নিলোফার চৌধুরী বলেন, বিএনপিতে ওপরের দিকে নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য নারী আছেন। শীর্ষস্থানীয় নেতাদের পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে যোগ্য নারীরা দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রথম সারির দলগুলোর মধ্যে নারী নেতৃত্বের বিবেচনায় জাতীয় পার্টির বর্তমান অবস্থান খুবই নাজুক। এবারের সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটিতে ৩৭৭ জনের মধ্যে নারী ৩২ জন।

এ বিষয়ে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, কমিটি এখনো অসম্পূর্ণ। শেষ পর্যন্ত এই কমিটিতে কমপক্ষে ১০০ জন নারীকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা আছে।

গত নভেম্বরে অনুষ্ঠিত সিপিবির একাদশ কংগ্রেস শেষে দেখা যায়, ৪৫ জনের কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র ৬ জন। অর্থাৎ ১৩ দশমিক ৩৩ শতাংশ পদে নারীরা আছেন।

এ বিষয়ে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, সিপিবির কেন্দ্রীয় কমিটিতে নারী নেতৃত্বের তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে সার্বিক দলীয় নেতৃত্বে নারীর অগ্রগতি আছে। এই অগ্রগতিকে ধরে রেখে আগামী কাউন্সিলে ২০ শতাংশে উন্নীত করার চেষ্টা থাকবে।

এবারের সম্মেলন শেষে সরকারের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিরীন আক্তার। হিসাবে দেখা গেছে, ১০৯ সদস্যের কমিটিতে নারী আছেন মাত্র ১৩ জন, শতাংশের হিসাবে যা ১১ দশমিক ৯২।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, দলগুলোর শীর্ষ নেতৃত্ব পুরুষের মানসিকতা নিয়ে দল চালান। যে কারণে নারীরা যোগ্যতা অনুযায়ী এগিয়ে আসতে পারছেন না।