বড় সমস্যা হয়ে উঠছে বিষণ্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর মিরপুরের বাসিন্দা হারুন-অর-রশীদ (ছদ্ম নাম) টাইলসের ব্যবসা করেন। বয়স ৪০ বা তারচেয়ে কিছু বেশি। গত বুধবার রাত আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য আসেন। তাঁকে চেয়ারে বসতে বলে সমস্যা জানতে চান অধ্যাপক মোহিত কামাল।

হারুন-অর-রশীদ বলেন, ‘আমার ঘুম হয় না। রাতে বারবার ঘুম ভেঙে যায়।...একদম ক্ষুধা নেই। ওজন কমে যাচ্ছে। ভেতরটা খারাপ লাগে।... সবচেয়ে খারাপ লাগে সকালবেলায়। দোকানে বসতে ইচ্ছা করে না।...বউ-বাচ্চা না থাকলে হয়তো আত্মহত্যাই করতাম।’

হারুন-অর-রশীদ চলে যাওয়ার পর মোহিত কামাল বলেন, ‘এ রকম মানসিক পরিস্থিতি যদি ১৪ দিন বা তার বেশি সময় স্থায়ী হয়, তাহলে বুঝতে হবে তিনি বিষণ্নতায় ভুগছেন।’ মোহিত কামাল রোগীদের সম্মতি নিয়েই এই প্রতিবেদকে তাঁর কক্ষে দুই ঘণ্টা থাকার অনুমতি দিয়েছিলেন।

বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নতুন-পুরোনো ১৫ জন রোগীকে চিকিৎসা দেন মোহিত কামাল। এর মধ্যে পাঁচজন ছিলেন বিষণ্নতার রোগী।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৩-০৫ সালের জরিপ অনুয়ায়ী দেশে ৪ দশমিক ৬ শতাংশ নারী-পুরুষ বিষণ্নতায় আক্রান্ত। বিষণ্নতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে মোহিত কামাল বলেন, ২০১৬ সালে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকার তেজগাঁও ও নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় করা একটিজরিপে দেখা গেছে,১২ দশমিক ৭ শতাংশ মানুষ বিষণ্নতায় আক্রান্ত।

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি’।

জনস্বাস্থ্য ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মনোদৈহিক সামাজিকসহ বিভিন্ন কারণে বিষণ্নতার প্রকোপ দিনে দিনে বাড়ছে। দীর্ঘমেয়াদি (দৈহিক) রোগে আক্রান্তদের মধ্যে বিষণ্নতার প্রকোপ কয়েক গুণ বেশি।

দ্বৈত সমস্যা: ডায়াবেটিস ও বিষণ্নতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডায়াবেটিস হচ্ছে জীবনব্যাপী রোগ। এই রোগ নিরাময় হয় না, নিয়ন্ত্রণে রাখতে হলে সারা জীবন বিশেষ ব্যবস্থাপনায় থাকতে হয়। অনেক ডায়াবেটিস রোগী এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তারা হতাশায় ভোগে। তাদের মধ্যে বিষণ্নতা দেখা দেয়। বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের ১৫ দশমিক ৩ শতাংশ থেকে ৩৪ শতাংশ বিষণ্নতায় ভুগছে। বাংলাদেশে প্রতি ১০ জন পূর্ণবয়স্ক মানুষের একজনের ডায়াবেটিস আছে।

আরও রোগ ও বিষণ্নতা

ডায়াবেটিস ছাড়াও দীর্ঘমেয়াদি রোগগুলোর মধ্যে রয়েছে ক্যানসার, আর্থ্রাইটিস, উচ্চরক্তচাপ, স্ট্রোক, শ্বাসকষ্ট। তবে বিষণ্নতার সঙ্গে দীর্ঘমেয়াদি রোগের সম্পর্কসহ সামগ্রিক বিষয়ে জাতীয় পর্যায়ে কোনো গবেষণা হয়নি। অবশ্য দেশে নব্বইয়ের দশক থেকে হওয়া বিচ্ছিন্ন কিছু গবেষণায় দেখা গেছে, শুধু ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৫৪ থেকে ৫৬ শতাংশ বিষণ্নতায় ভুগছে। ব্রেইন স্ট্রোক হওয়ার পর ৪৬ শতাংশ মানুষ বিষণ্নতায় আক্রান্ত হয়। এ ছাড়া আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস, ক্যানসার, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, আর্থ্রাইটিসে আক্রান্তদের মধ্যে ৩৪ শতাংশই বিষণ্নতায় ভুগছে।

এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের কেন্দ্রীয় বিষয় বিষণ্নতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পর্যালোচনামূলক গবেষণায় দেখা গেছে,আত্মহত্যার কারণ হিসেবে এককভাবে বিষণ্নতার হার ৭ থেকে ৫২ শতাংশ। আর বাংলাদেশে এই হার ৬ দশমিক ৯ শতাংশ। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি।

এই পর্যালোচনার সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, আত্মহত্যা বিষণ্নতার অন্যতম কারণ। সঠিক সময়ে বিষণ্নতা নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হলে অন্তত এই আত্মহত্যা প্রতিরোধ করা যেত।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ফারুক আহমেদ ভূইয়া বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সবগুলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিষণ্নতাসহ সব ধরনের মানসিক রোগের চিকিৎসা আছে। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচিতে বিষণ্নতা খাতে ১৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিষণ্ন রোগীদের চিকিৎসা করা ছাড়াও এই অর্থ দিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মানুষকে সচেতন করা হবে।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছ, বিষণ্নতায় আক্রান্তদের মধ্যে দীর্ঘস্থায়ী দুঃখবোধ ও দৈনন্দিন কাজে অনাগ্রহ দেখা দেয়। উদ্যমহীনতা, ক্ষুধামন্দা, মনোযোগ কমে যাওয়া, নিজেকে মূল্যহীন ভাবা, নিজের ক্ষতি করার বা আত্মহত্যার কথা ভাবা বিষণ্নতার লক্ষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটি মানুষ এই রোগে ভুগছে। ২০৩০ সালে বিষণ্নতা ‘গ্লোবাল ডিজিজ বার্ডেন’ তালিকার শীর্ষে চলে আসবে।