বড় সরদারবাড়ি পরিদর্শন করলেন সংস্কৃতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়ি গতকাল শনিবার পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বড় সরদারবাড়ির সংস্কারকাজ শেষ হওয়ায় মন্ত্রী তা ঘুরে দেখতে যান।
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে এ বাড়িটি অবস্থিত। প্রায় ৬০০ বছরের পুরোনো সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত বড় সরদারবাড়ি। ১৯৮১ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এ ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। ২৭ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এ ভবনটির নিচতলায় ৪৭টি ও দ্বিতীয় তলায় ৩৮টি কক্ষ রয়েছে। এসব কক্ষে প্রাচীন বাংলার কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার করা তৈজসপত্রসহ নানা আসবাব সংগ্রহ করে রাখা হয়েছে। সোনারগাঁয়ে বেড়াতে আসা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাড়িটির কারুকাজ অন্যতম আকর্ষণ।
সম্প্রতি কোরিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান করপোরেশনের অনুদানে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এ বাড়িটি সংস্কার করা হয়। ইয়াংওয়ান করপোরেশন ২০১২ সালের ৩ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ কাজের চুক্তি করে।
আসাদুজ্জামান নূর বলেন, দেখে মনে হচ্ছে এ বাড়িটি কোনো প্রাচীন জমিদার নির্মাণ করেননি। মাত্র তৈরি করা হয়েছে। ভবনের অপরূপ সৌন্দর্য তাঁকে সেই প্রাচীন আমলে নিয়ে গেছে।
এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক আলতাফ হোসেন, ইয়াংওয়ান করপোরেশনের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর সাদাত, রেস্টোরেশন প্রকল্প পরিচালক অধ্যাপক আবু সাঈদ এম আহম্মদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।