বড় হতে চাইলে হতে হবে স্বপ্নের ফেরিওয়ালা
জীবনে বড় কিছু হতে চাইলে প্রথমে নিজের স্বপ্নটা বড় করতে হবে। তা বাস্তবায়নে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে হবে। হতে হবে স্বপ্নের ফেরিওয়ালা। তাহলেই একদিন সেই লক্ষ্যে পৌঁছানো যাবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ক্যারিয়ার–বিষয়ক’ এক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন বক্তারা।
অনলাইন জব পোর্টাল চাকরি ডটকমের পৃষ্ঠপোষকতায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের বিজনেস ক্লাব এ সেমিনারের আয়োজন করে। চাকরি ডটকম ওয়েবসাইটে যে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট আছে ও জীবনবৃত্তান্ত বা সিভি তথ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে সেমিনারে।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মনিরুজ্জামান বলেন, শিক্ষাজীবনে নিজের প্রতিটি কাজের মূল্যায়ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ লক্ষ্যে পৌঁছাতে হবে। কখনোই হতাশ হওয়া যাবে না। বরং প্রতিনিয়ত শিখতে হবে। হতে হবে পরিশ্রমী। তৈরি করতে হবে নিজের অবস্থান।
বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের অধ্যাপক মো. শওকত জাহাঙ্গীর বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য নির্দিষ্ট করার আগে নিজ সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হতে হবে। পরে নিজ লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এআইএস বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দীন বলেন, টেবিলে বসে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেছেন বিশ্বের বড় বিজ্ঞানী ও গবেষকেরা। তাই পড়াশোনা করে শিক্ষার্থীদের নিজের যোগ্যতা বাড়াতে হবে। হতে হবে স্বপ্নের ফেরিওয়ালা।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজের ব্র্যান্ডিং করার কৌশল নিয়ে আলোচনা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে নিজের ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে। পাশাপাশি ক্যারিয়ার গড়তে সবাইকে এক সঙ্গে এগিয়ে যেতে হবে।
সেমিনারে জীবনবৃত্তান্ত বা সিভি লেখার বিভিন্ন কৌশল ও চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রথম আলোর মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. রুবায়েত তাওহিদ সিদ্দিকী এবং চাকরি ডটকমের হেড অব বিজনেস রেদওয়ান উল হক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ, প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন, প্রথম আলো ডিজিটালের সেলস ম্যানেজার স্টিভ অ্যান্থনি জ্যাকব প্রমুখ উপস্থিত ছিলেন।