বড় হাওরে নির্বিচারে অতিথি পাখি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠামইন সদরে বিক্রি করতে আনা অতিথি পাখি হাতে এক শিকারি ।  প্রথম আলো
মিঠামইন সদরে বিক্রি করতে আনা অতিথি পাখি হাতে এক শিকারি । প্রথম আলো

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বড় হাওরের বিভিন্ন এলাকায় নির্বিচারে অতিথি পাখি শিকার করা হচ্ছে। জাল ফেলে এবং বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি ধরা হচ্ছে। শিকারিরা প্রতিদিন ভোরে কয়েক শ অতিথি পাখি স্থানীয় বাজারে বিক্রি করছেন। কিন্তু প্রশাসন অতিথি পাখি নিধন বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এলাকাবাসী ও শিকারি সূত্রে জানা যায়, দুই শতাধিক শিকারি বড় হাওরে অতিথি পাখি শিকারি করেন। জাতভেদে প্রতিটি পাখি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা হয়। মাঝেমধ্যে শহর থেকে পাইকারেরা এসে পাখি কিনে নিয়ে যান।
পাখি শিকারি আলাল মিয়া ও রসুল মিয়া জানান, তাঁরা প্রায় পাঁচ বছর ধরে জাল ফেলে পাখি শিকার করে আসছেন। মাঝেমধ্যে এসব পাখি প্রশাসনের কর্তাব্যক্তিদের বাসায়ও দেন তাঁরা।
উপজেলার কাঞ্চনপুর গ্রামের আশরাফুজ্জামান চৌধুরী বলেন, শীতে প্রতিবছর হাওরে বিপুলসংখ্যক অতিথি পাখি আসে। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যে শিকারিরা ফাঁদ পেতে পাখি শিকার করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কয়েক শ মাইল আয়তনের হাওর পাহারা দেওয়া সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা দরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান হাওরবাসীকে সচেতন করলে পাখি নিধন বন্ধ হবে বলে আশরাফুজ্জামান মনে করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, অতিথি পাখি নিধন বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।