বড় হাসপাতালে নারী সুযোগ পাচ্ছে কম

দেশের বড় হাসপাতালগুলোতে নারীদের চিকিৎসাব্যবস্থা পুরুষের তুলনায় কম। এমনকি যেসব রোগে নারীরা বেশি ভোগেন, সেসব রোগের বিশেষায়িত হাসপাতালেও একই চিত্র বিদ্যমান। আবার পরিবারেও নারীর স্বাস্থ্যসেবায় কম ব্যয়ের প্রবণতা রয়েছে। এ সমস্যা দীর্ঘদিন চললেও পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেই।
দেশের গুরুত্বপূর্ণ তিনটি বড় এবং তিনটি বিশেষায়িত হাসপাতালে নারী-পুরুষের শয্যার সংখ্যা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। ছয়টি হাসপাতালেই পুরুষের তুলনায় নারীদের জন্য শয্যা কম। বিশেষায়িত হাসপাতালে নারীদের চিকিৎসার সুযোগ আরও সীমিত। তবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে আগের তুলনায় নারীদের স্বাস্থ্যসচেতনতা এবং হাসপাতালে আসার হার বেড়েছে। সে অনুযায়ী হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে নারীদের গড় আয়ু ৭৩ বছর, পুরুষের ৭০। আবার ‘সেক্স, জেন্ডার এবং হেলথ’ নিয়ে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের একটি প্রতিবেদন বলছে, নারীরা পুরুষদের তুলনায় অসুস্থ থাকেন বেশি। অথচ নারী একা চিকিৎসকের কাছে যান না। তাঁরা নারী চিকিৎসকের কাছেই স্বস্তিবোধ করেন। এতে আরও বলা হয়, নারীরা সহিংসতার শিকার হন বেশি। তাঁদের চিকিৎসার বিষয়টি স্বামীর নিয়ন্ত্রণে থাকে।

নারীদের চিকিৎসার ব্যবস্থা কম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বারডেম জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব বলছে, তিনটি হাসপাতালেই পুরুষের তুলনায় নারীদের শয্যা কম। অথচ নারীরা অন্তর্বিভাগে ভর্তি থেকে পুরুষের তুলনায় বেশি সেবা নেন। অবশ্য ঢাকা মেডিকেল কলেজে কয়েকজন পুরুষ বেশি চিকিৎসা করিয়েছেন।
বিএসএমএমইউর আটটি বিভাগে পুরুষের জন্য শয্যা আছে ২৪৮টি, তার বিপরীতে নারীর জন্য ১৮৯টি। ২০১৬ সালে হাসপাতালে ভর্তি থেকে প্রায় ১৮ হাজার নারী রোগী সেবা নিয়েছেন। আর এ সময় পুরুষ রোগীর সংখ্যা ছিল ১৩ হাজারের কম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও শয্যা বরাদ্দের ক্ষেত্রে একই প্রবণতা রয়েছে।
আবার বারডেম জেনারেল হাসপাতালের ৫৭২টি শয্যার মধ্যে পুরুষের ২৪৭টি, নারীর ২০৮টি। অথচ অন্তর্বিভাগ এবং বহির্বিভাগ—উভয় ক্ষেত্রেই নারীরা বেশি সেবা নিয়েছেন। এমনকি নিবন্ধিত ডায়াবেটিস রোগীদের মধ্য নারীর সংখ্যা বেশি।
বারডেমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, হাসপাতালগুলো তৈরির সময় খুব কমসংখ্যক নারী চিকিৎসা নিতে আসতেন। এখন নারী রোগীর সংখ্যা বাড়লেও পুরোনো অবকাঠামোর কারণে শয্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে নতুন অবকাঠামোয় নারীদের সেবার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষায়িত হাসপাতালে সুযোগ আরও সীমিত
লালমনিরহাটের আফরোজা বেগম (৫৩) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছেন। তাঁর সঙ্গে কথা হয় জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতাল প্রাঙ্গণে। তাঁকে ভর্তির জন্য বলা হলেও শয্যা-সংকটের কারণে দুদিন পরে আসতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর মেয়ে সোমা ইসলাম বলেন, ‘পরিবারে নারীদের স্বাস্থ্যের গুরুত্ব
নেই। হাসপাতালে আনতে অনেকে দেরি করে। হাসপাতালে নেওয়ার পরও যথাযথ গুরুত্ব পায় না।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, জাতীয় হৃদ্রোগ ফাউন্ডেশন অ্যান্ড হাসপাতালের হিসাব অনুযায়ী, তিনটি হাসপাতালেই নারীদের জন্য ব্যবস্থা পুরুষের তুলনায় কম। এমনকি যেসব রোগে নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, সেসব ক্ষেত্রেও পুরুষের জন্য বেশি সুবিধা রাখা আছে।
২০১৬ সালের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায়, ৩৭ শতাংশ নারী কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। এর বিপরীতে পুরুষদের এ সমস্যায় আক্রান্তের হার ২৭ শতাংশ। বাংলাদেশ জার্নাল অব মেডিসিনের ‘রিস্ক ফ্যাক্টরস অব সুইসাইড অ্যান্ড প্যারা সুইসাইড ইন রুরাল বাংলাদেশ-২০১৩’ শীর্ষক গবেষণা বলছে, বাংলাদেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী মানুষের আত্মহত্যার প্রবণতা বেশি। তাঁদের মধ্যে ৬১ শতাংশই নারী।
নারীরা পুরুষের তুলনায় মানসিক অসুস্থতায় বেশি ভুগলেও চিকিৎসা পান কম। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অন্তর্বিভাগ এবং বহির্বিভাগ উভয় ক্ষেত্রেই পুরুষেরা বেশি সেবা নিয়েছেন। আবার হাসপাতালের ২৫০ শয্যার মধ্যে নারীর জন্য বরাদ্দ আছে মাত্র ৭৫টি। বাকি হাসপাতাল দুটিতেও শয্যা বরাদ্দ এবং সেবা গ্রহণের ক্ষেত্রে একই প্রবণতা দেখা গেছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশের আর্থসামাজিক কাঠামোতে নারীরা অবহেলিত। বিশেষায়িত হাসপাতালগুলোতেও রোগী আসার প্রবাহ দেখে শয্যা বরাদ্দ করা হয়েছে। হাসপাতালে নারী রোগীর সংখ্যা বাড়ায়, সে অনুযায়ী শয্যাসহ সব ধরনের সম্পদের বণ্টন ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তবে এ পরিবর্তন সময়সাপেক্ষ। বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্যসহ পরিকল্পনা দরকার।

পরিবার কম খরচ করে
ইউনাইটেড স্টেটস ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন থেকে প্রকাশিত ‘দ্য ইমপ্যাক্ট অব এজ অ্যান্ড সেক্স অন হেলথকেয়ার এক্সপেনডিচার অব হাউসহোল্ডস ইন বাংলাদেশ-২০১৪’ শীর্ষক প্রতিবেদন বলছে, সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবা খাতে নারীর তুলনায় পুরুষের পেছনে খরচ বেশি। পুরুষের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি খরচ করা হয় ৬৫ থেকে ৬৯ বয়সে। এই বয়সে একজন পুরুষের পেছনে খরচ প্রায় ছয় হাজার টাকা, আর নারীর খরচ দুই হাজার টাকার কম। ছেলেশিশুদের ক্ষেত্রেও একই প্রবণতা। তবে প্রজনন বয়সে নারীর খরচ বেশি। ১০ হাজার ৭০৫ জন নারী-পুরুষের মধ্যে জরিপটি চালানো হয়।
এই জরিপটির সঙ্গে যুক্ত ছিলেন আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট সায়েম আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং আর্থিক সক্ষমতার কারণে নারীদের জন্য স্বাস্থ্য খাতে পরিবার থেকে কম খরচের প্রবণতা রয়েছে। ছেলেশিশুকে ভবিষ্যতের কর্ণধার আর পুরুষ নিজেই নিজের স্বাস্থ্যসেবায় খরচ বহনের পাশাপাশি সিদ্ধান্ত নিতে পারেন। এ জন্য পরিবারে নারীদের স্বাস্থ্যের বিষয়টি কম গুরুত্ব পায়। আবার অনেক সময় খরচের কথা ভেবে নারী নিজেও রোগের কথা চেপে রাখেন।
জাতীয় হৃদ্রোগ ফাউন্ডেশন অ্যান্ড হাসপাতালে এক নারী রোগী বলেন, ‘পরিবারগুলো নারীদের পেছনে অর্থ ব্যয় করতে চায় না। কেউ কেউ অপচয় মনে করে।’
এই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়
২০১৪ সালে প্রকাশিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন (১৯৯৫)’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টগ্র্যাজুয়েট লেভেল হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে ভর্তি থেকে পুরুষের তুলনায় নারীরা কম সেবা নেন। এতে নারীর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আরও গুরুত্বসহকারে চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ অনুযায়ী, স্বাস্থ্যনীতির সুনির্দিষ্ট তিনটি উদ্দেশ্যের মধ্যে দ্বিতীয়টি হলো সমতার ভিত্তিতে সেবা গ্রহীতার মানসম্মত সহজপ্রাপ্যতা বৃদ্ধি ও বিস্তৃত করা। আর জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্যের ৯ নম্বরে বলা আছে স্বাস্থ্যসেবায় লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিষয়টি পর্যালোচনা করে হাসপাতালগুলোতে নারী-পুরুষের জন্য সমানসংখ্যক শয্যা বরাদ্দের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গভাবে নারীবান্ধব করতে নারী পরামর্শক নিয়োগ, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে; যাতে নারীরা হাসপাতালে সেবা নিতে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।