বড়গাঙের বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীর অন্যতম শাখা নদী বড়গাঙের বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা নোটিশ জারি করেছে। গতকাল রোববার জারি করে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত নোটিশে বাঁধ অপসারণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বড়গাঙে বাঁধ নির্মাণকারীদের ১৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের ঢাকায় সদর দপ্তরে তলব করা হয়েছে।গত শনিবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদনের বরাত দিয়ে পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে নদীর পানির স্রোত বিঘ্নিত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের ১৫ মার্চ দুপুর ১২টায় পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরে যোগাযোগ করা হলে নোটিশ জারির সত্যতা নিশ্চিত করা হয়। পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশটি গতকালই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠনো হয়েছে। এ হিসেবে আজ সোমবার নোটিশটি পৌঁছাবে এবং বেঁধে দেওয়া সময় সোমবারের মধ্যে ওই বাঁধ অপসারণ করতে হবে। এনফোর্সমেন্টের পরিচালক প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর মনে করে, প্রাকৃতিক প্রবাহ তথা নদ-নদীতে এ ধরনের বাঁধ নির্মাণের কারণে নদীর পানি ধারণক্ষমতা হ্রাস, পানিপ্রবাহ বিঘ্নিত, মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি, জীববৈচিত্র্য বিনষ্ট ও নদী-তীরবর্তী এলাকার কৃষি উৎপাদন বিঘ্নিত হয়। প্রতিকারে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতারও প্রয়োজন।’