বড়দিন উদ্যাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরের বাঁ দিকে সেনপাড়া পবর্তা এলাকায় ঢুকতেই চোখে পড়ে সাজানো একটি ফটক। লাল রঙের কাপড়ে বড়দিনের শুভেচ্ছা বার্তা সেখানে। সাজানো এ ফটক পেরিয়ে পাড়ার রাস্তায় যেতে মাথার ওপরে কোনাকুনি করে সুতোয় বাধা রয়েছে টুনি বাল্বের সারি। এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরের পূর্ব মনিপুরের মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ পর্যন্ত সাজানো এ বাতির সমাহার।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে বাতিগুলো স্বভাবতই জ্বলেনি। উৎসবের আমেজ আছে। এ এলাকার বাসিন্দাদের একাংশ খ্রিষ্টান সম্প্রদায়ের।
মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে ঢুকতেই প্রতীকী গোয়ালঘর চোখে পড়ে। সেখানে খড়কুটো বিছানো। সেখানে আছে কাপড়ে জড়ানো শিশু-যিশুর মূর্তিকে ঘিরে আরও পাঁচ মূর্তি। গির্জাঘরে জনা চারেক তখন ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জায়। চার্চের সহসম্পাদক টমাস সিংহ বললেন, বড়দিনের সংগীতের প্রস্তুতি চলে এখানে। আজ রাতের মধ্যেই (গতকাল) ঘর সাজানো শেষ হবে। নিজেদের গির্জা নিজেরা সাজানোর মজাই আলাদা।’
গির্জা থেকে বেরিয়ে সেনাপাড়ার একটি মুদি দোকানে কথা হয় স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। বললেন, ‘আট বছর ধরে আছি এ এলাকায়। আমার অংশ গ্রহণ কমবেশি যাই থাকুক, বড়দিন এলে এ এলাকায় একটা উৎসবের রেশ লাগে।’
এ দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ক্যাথলিকেরা। রাজধানীতে বড়দিনে যে প্রার্থনা হবে সেখানে নগরের তিন-চতুর্থাংশ ক্যাথলিক জড়ো হবে তেজগাঁওয়ের জপমালার রানি ধর্মপল্লিতে। সুউচ্চ গির্জাঘরে আলোকসজ্জার কাজে ব্যস্ত কর্মীরা।
বড়দিনের বড় অনুষঙ্গ কেক। রাজধানীর বড় বড় বেকারিতে এখন ফল দেওয়া কেকের সমাহার। বিশেষ করে যেসব এলাকায় খ্রিষ্টানদের বসবাস, সেখানে এটি চোখে পড়ছে বেশি। মনিপুরীপাড়াসংলগ্ন কুপারসে সপ্তাহ দুয়েক হলো বিক্রি হচ্ছে বড়দিনের বিশেষ কেক। সঙ্গে চকলেটও আছে।
এই আনন্দের মাঝে কোনো বিপত্তি যাতে না ঘটে, সেজন্য গির্জাগুলোতে বসানো হয়েছে পুলিশ প্রহরা। গির্জায় ঢুকতে বেশ কড়াকড়ি অনেক জায়গায়।