বড়দিন উপলক্ষে অবরোধ প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে ১৮ দলের ডাকা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। বড়দিনের আগের দিন, আজ মঙ্গলবারও অবরোধ কর্মসূচির প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, খ্রিষ্টান ধর্মের বিশেষ দিনকে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালন করতে দিতে হবে। না হলে তা হবে সব ধর্মের প্রতি অবহেলা করার শামিল। তিনি ১৮-দলীয় নেতা খালেদা জিয়াকে আজকের মধ্যে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে বলেন, দেশের সাধারণ মানুষকে স্বস্তিতে থাকতে দিন।
সংগঠনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, ‘১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বড়দিনের আগে-পরে অবরোধ না ডাকার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা সে অনুরোধ রাখেনি। আজ আবার ২৪ থেকে ২৬ ডিসেম্বর অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি।’