বড়দিন এলেই খ্রিষ্টান ছাত্রাবাস বন্ধের তোড়জোড়
রাজশাহীর ক্যাথলিক ডায়াসিসের অন্তর্গত খ্রিষ্টান কলেজ ছাত্রাবাস থেকে আদিবাসী শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এ অভিযোগ এনে ছাত্রাবাসের ৫৬ জন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা খ্রিষ্টধর্মাবলম্বী আদিবাসী ছাত্রদের একমাত্র ভরসা উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ছাত্রাবাস। এটি রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় অবস্থিত। চার বছর ধরে কর্তৃপক্ষ ছাত্রাবাসটি বন্ধ করে অন্য প্রকল্প করার জন্য ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে তাঁদের রান্না ও খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। থালাবাসন সরিয়ে ফেলা হয়েছে। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। ছাত্রাবাসের সমন্বয়কারী সমর মাইকেল সরেন বলেন, ছাত্রাবাসের গঠনতন্ত্রে রয়েছে, রাজশাহীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত খ্রিষ্টান সম্প্রদায়ের ছাত্রদের আবাসিক ব্যবস্থাসহ অবস্থানকারীদের নৈতিক, আধ্যাত্মিক ও খ্রিষ্টীয় নেতৃত্ব গঠন করাই ছাত্রাবাসের উদ্দেশ্য। অথচ কর্তৃপক্ষ বলছে, উচ্চমাধ্যমিক ছাড়া অন্যদের তারা রাখবে না। তাঁদের সঙ্গে উচ্চমাধ্যমিকের ছাত্ররাও রয়েছেন। এখন সবাইকেই বের করে দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, কর্তৃপক্ষ ছাত্রাবাস বাদ দিয়ে সেখানে অন্য কোনো প্রকল্প করবে।
মাইকেল সরেন আরও বলেন, চার বছর ধরে বড়দিন সামনে রেখে ছাত্ররা বাড়ি গেলেই কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধের তোড়জোড় শুরু করেন। এ জন্য কয়েক বছর ধরে তাঁরা পরিবারের সঙ্গে বড়দিন উদ্যাপন করতে পারেননি। ২০১০ সালে ছাত্ররা বাড়ি গেলে তাঁদের ব্যবহূত জিনিসপত্র কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয় এবং কক্ষগুলো তালাবদ্ধ করা হয়। তখন রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়েছিল। সর্বশেষ ১৬ ডিসেম্বর নতুন করে ছাত্রাবাস ছাড়ার জন্য শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, ২১ ডিসেম্বরের পর যেকোনো দিন ছাত্রাবাসের সব কক্ষ খালি করা হবে। তাই ছাত্রদের জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় কারও জিনিসপত্র খোয়া গেলে বা নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ইতিমধ্যে রান্নাবান্নার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
ছাত্রাবাসের চেয়ারম্যান ডেনিস সি বাস্কে ওই নোটিশে সই করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রাবাসটি আসলে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য করা হয়েছিল। কিন্তু এখন তা সম্মান শ্রেণীর ছাত্রদের দখলে চলে গেছে। এ জন্য ছাত্রাবাসটি খালি করে উচ্চমাধ্যমিকের ছাত্রদের তোলা হবে। তাঁদের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার বিষয়টিও রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঠিক। কিন্তু ওই ছাত্ররা জোর করে থাকছেন। তাঁরা এক বছর থেকে ভাড়া দেন না। এ জন্য তাঁরা তাঁদের বের করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বিকল্প ব্যবস্থা না করে আদিবাসী ছাত্রদের যেন ছাত্রাবাস থেকে নামানো না হয়, সে বিষয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষকে বলা হবে।