২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। টানা অবরোধের ফাঁদে পড়ে বাধ্য হয়ে বড়দিনেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অবরোধের কারণে তিনবার ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে সেশনজটে পড়ার আশঙ্কা দেখা দেবে। তাই বাধ্য হয়ে বড়দিনের ছুটিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল নয়টায় ঘ, দুপুর সাড়ে ১২টায় গ এবং বিকেল সাড়ে তিনটায় ক ও খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে বড়দিনের মতো পবিত্র দিনে ভর্তি পরীক্ষা নিতে হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখতে এই প্রয়াসকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.barisaluniv.edu.bd ও www.barisaluniv.ac.bd থেকে জানা যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ বছর ছয় অনুষদ এবং ১৬ বিভাগে ভর্তির জন্য ২৯ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্য থেকে এক হাজার ১৩৪ জন ভর্তির সুযোগ পাবেন।