বড়দিনের বাণী

খ্রিষ্টবর্ষ ২০১৭ আমাদের কাছে কত আনন্দময় ছিল। বড়দিনের আনন্দ নিয়ে বছরটি সূচনা করেছিলাম, তাঁর পরিসমাপ্তিতে এসে আবারও বড় আনন্দ: বড়দিনের আনন্দময় উৎসব। প্রভু যিশুকে নিয়ে যেন একটি বছরের বড়দিন। প্রভু যিশু নিজেই যে শুভসংবাদ, নিজেই যে বড়দিন। যিশুর জন্মসংবাদ আমরা শুনেছি, তাঁকে নিয়ে জীবনযাপন করেছি, অনুগ্রহ পেয়েছি অসংখ্য, ঘোষণা করেছি শুভসমাচার। সেই আনন্দে আবার আপনাদের সবাইকে জানাই বড়দিনের আনন্দময় শুভেচ্ছা।
পুণ্যপিতা পোপ মহোদয়ের আগমনে বড়দিনের তাৎপর্য গভীরভাবে ফুটে উঠেছে এবং প্রকাশ পেয়েছে; উপলব্ধিও হয়েছে। পোপ মহোদয় ক্ষুদ্র বাংলাদেশে এসেছিলেন, আমাদের ভালোবেসে তিনি এসেছিলেন, আমাদের সঙ্গে তিনি কিছু সময় কাটিয়েছেন। আমরা তাঁকে দেখেছি, তাঁর কথা শুনেছি, তাঁর সান্নিধ্য অনুভব করেছি, একত্রে ঈশ্বরের উপাসনা করেছি। তাঁর আগমনের সংবাদ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে, বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম ও দ্বীনজনদের সঙ্গে তাঁর সংলাপ হয়েছে, হয়েছে সম্পর্ক ও শান্তির জন্য প্রার্থনা। তাঁর অনুগ্রহপ্রাপ্ত সব মানুষের অন্তরে সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে গেছে, ক্ষুদ্র বাংলাদেশের কথা বিশ্বে ছড়িয়ে গেছে। পোপ মহোদয়ের এই আগমনের প্রেক্ষাপটে প্রত্যেকের জীবনের গোশালায় আমরা যিশুর আগমনের শুভসংবাদ আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। বড়দিন, তুমি কত অভিনব, কত বিচিত্র তোমার প্রকাশ, চিরন্তন তোমার সংবাদ, যা আমাদের জীবনে মহা আনন্দের সঞ্চার করে। বছরের শেষ প্রান্তে উপস্থিত হয়ে আমরা উপলব্ধি করি ‘পরিবারের ভালোবাসা: মণ্ডলীর আনন্দ’ শীর্ষক পালকীয় মূলভাবের এক বিশেষ তাৎপর্য।
ধর্মপ্রদেশীয় পালকীয় সম্মেলন-২০১৭ খ্রিষ্টবর্ষের জন্য ‘পরিবারে মিলন: পরিবারের মধ্যে, পরিবেশের সাথে এবং দয়ার কাজে’—এই ভাবটিকে মূল সুর হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই পালকীয় ভাবকে ভিত্তি করে ধর্মপ্রদেশের জন্য ২০১৮ খ্রিষ্টবর্ষের যে পালকীয় পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, তা বাস্তবায়নে সচেষ্ট থাকব। এরই সঙ্গে আগামী বছরে আমরা পর্যালোচনা করব: ঢাকা মহাধর্মপ্রদেশে বিগত ত্রিশ দশকে আমরা কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি আর আগামী দশকে আমরা কোন লক্ষ্যে পথ চলব।
বড়দিন উপলক্ষে এবং বছরের শেষান্তে আমি আমার অন্তরের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই প্রতিজন ও সবার কাছে, সবকিছুর জন্য। দয়া ও ভালোবাসা, সাহায্য ও সহযোগিতা, সমঝোতা ও সহমর্মিতা এবং প্রার্থনা ও ত্যাগস্বীকার।
কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি: আর্চবিশপ, ঢাকা।