বড়দের কাছ থেকে সংগ্রহ করা মুক্তিযুদ্ধের গল্প শোনাল ছোটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার দাদার মনে আজও অনেক কষ্ট। তাঁরা যুদ্ধ করে কী পেলেন! দেশে আজও অশান্তি। মানুষের মধ্যে হাহাকার। কষ্টের শেষ নেই। এত কষ্ট করে তাঁরা দেশ স্বাধীন করলেন, কিন্তু সুবিধা ভোগ করছেন যাঁরা যুদ্ধ করেননি, তাঁরা। তাঁরাই আজ নামকরা মুক্তিযোদ্ধা। আজ পর্যন্ত আমার দাদার নাম গেজেটভুক্ত হয়নি। তবে তাঁর ওসমানীর দেওয়া মুক্তিযোদ্ধা সনদ আছে। আমার দাদা বলেন, আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, সনদ পাওয়ার জন্য নয়।’গতকাল বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ঢাকার ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সুমাইয়া জাবীন তার দাদা জয়নুল আবেদীন শিকদারের জীবনের কাহিনি শোনায়। তার দাদার বয়স এখন ৬৬ বছর। সুমাইয়ার মতো দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের দাদা, দাদি, খালু বা অন্য কারও কাছ থেকে শোনা গল্পগুলোই শোনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের।মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক বিজয় উৎসবের অংশ হিসেবে নতুন প্রজন্মের গল্প শোনার এই আয়োজন করে। বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর আসমা আক্তার তার দাদি মনোয়ারা বেগমের কাছ থেকে শোনা গল্পটি শোনায়, পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকে কাউকে না পেয়ে ক্ষেপে যায়। একটি ঘরে একজন বৃদ্ধা ও তাঁর এক বছর বয়সী নাতনি ছিল। পাকিস্তানিরা ঘরটিতে আগুন দেয় এবং বৃদ্ধা ও শিশুটিকে আগুনে নিক্ষেপ করে। আসমার দুই ফুফুকেও পাকিস্তানিরা ধরে নিয়ে মেরে ফেলে।চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কানিজ ফাতিমা, ফুলতলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বন্যা কুণ্ডু, বরিশালের সেন্ট আলফ্রেডস হাইস্কুলের সুবর্ণা আক্তার, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের মাসুর রহমান মুক্তিযুদ্ধের গল্প শোনায়। শিক্ষার্থীদের সংগৃহীত মুক্তিযুদ্ধের গল্প শোনানোর পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, ইস্টার্ন ইউনির্ভাসিটি, সুনামগঞ্জের নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় এবং সিলেটের সরকারি অগ্রগামী উচ্চবালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।