বড়দের কাছে কন্যাশিশুদের 'বড় বড় প্রশ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাশিশুদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশুরা
কন্যাশিশুদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশুরা

‘আমাদের সব জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় না। আলাদা জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে হয়। আমরা ভালো স্কুলে পড়তে পারি না। বলতে পারেন, সুলতানা আপা এ থেকে আমরা কীভাবে মুক্তি পাব?’

প্রশ্নটি দালিত শিশু মুন্নি আক্তারের।
প্রশ্নের উত্তরে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন,‘আমরা সত্যি খুব লজ্জিত। সংবিধানে জাতি, ধর্ম নির্বিশেষে কোনো ধরনের বৈষম্য করা যাবে না বলে বলা আছে। তবে আমরা ব্যর্থ হয়েছি। তোমরা অনেক কষ্ট ও বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছ। সচেতনতা তৈরি হচ্ছে। অচিরেই আমরা এখান থেকে বের হতে পারব।’
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ৮ নম্বর ফ্লোরে উন্মুক্ত সংলাপে মুন্নি সরাসরি প্রশ্ন করে সুলতানা কামালকে। শুধু মুন্নি নয়, সুবিধাবঞ্চিত এবং রাজধানীর ভালো স্কুলে পড়াশোনা করছে এ ধরনের সুবিধাপ্রাপ্ত কন্যাশিশুরাও সুযোগ পায় নীতিনির্ধারকদের সরাসরি প্রশ্ন করার। ছোটদের করা কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেন বড়রা।
শিশু অধিকার সপ্তাহ ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ডিবেট ফর ডেমোক্রেসি, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও ইসলামিক রিলিফ যৌথভাবে এ উন্মুক্ত সংলাপের আয়োজন করে। আমন্ত্রিত অতিথিরা কন্যাশিশুদের বাল্যবিয়ে প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের ব্যাপারে সচেতন হতে বলেন। তাঁরা বলেন, শিশুদের জন্য বেশি প্রয়োজন বাবা মায়ের আদর।
সংলাপে শিশুদের করা প্রশ্নগুলো ছিল এমন, গাইবান্ধার সাংসদ শিশুর পায়ে গুলি করেছেন। সে ক্ষেত্রে পুলিশ কেমন ভূমিকা পালন করেছে? থানায় গেলে শিশুরা কেনো অবহেলার শিকার হবে, তাদের কেন অপমান করা হয় ? দরিদ্র শিশুরা নির্যাতন থেকে কবে বের হবে? গৃহশ্রমকে কেনো ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না? মায়ের পেটেও শিশুরা কেন নিরাপদ থাকতে পারছে না? রাজনৈতিকভাবে শিশুদের কেন ব্যবহার করা হচ্ছে?
শিশু মণি বলেন, ‘আপনারা বাল্যবিয়ে বন্ধ করেন। দেশের কন্যাশিশুরা এভারেস্টের চেয়ে আরও অনেক বেশি কিছু জয় করবে।’
সংলাপে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন,‘কোনো শিশু অধিকার বঞ্চিত হবে না সে ধরনের একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। মাগুরায় গুলিবিদ্ধ শিশুর ঘটনায় দোষীরা গ্রেপ্তার হয়েছে। বিএনপি পেট্রলবোমা দিয়ে গর্ভবতী নারী ও শিশুকে মেরেছে। সরকার এগুলো মেনে নেয়নি। ব্যবস্থা নিচ্ছে।’ প্রতিমন্ত্রী বলেন, বিয়ের বয়স ১৮ই থাকছে, এতে কোনো পরিবর্তন হচ্ছে না। সরকার বাল্যবিয়ে বন্ধ করতে কঠোর আইন করতে যাচ্ছে। দেশে শিশুর সংখ্যা ৪৪ শতাংশের বেশি। শিশুর বিরুদ্ধে কেউ অন্যায় করলে বা অন্যায়ের ব্যাপারে প্রশ্রয় দিলে তাকে একচুলও ছাড় দেওয়া হবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘থানায় গেলে শিশুরা অবহেলিত হচ্ছে সে ধরনের অভিযোগ যাতে আর না শুনতে হয় তার জন্য চেষ্টা করছি। তবে সমাজের অন্য সংগঠন এবং জনগণ পরিবর্তন না হলে পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব না। মায়ের গর্ভের শিশুকে যারা অনিরাপদ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশও তাদের নিরাপদে থাকতে দেবে না।’ তিনি বলেন, শিশুর পায়ে গুলি করে এমপি যে ঘটনা ঘটিয়েছেন তাঁকে আইনে কোনো সুযোগ দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সংলাপে সুলতানা কামাল বলেন, শিশুর নিরাপত্তার বিধান করবে রাষ্ট্র। সরকার শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারলে বাবা মা তাদের কাজ করতে পাঠাবেন না। তারা আর রাস্তায় থাকবে না।
সংলাপে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার স্বাগত বক্তব্য দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।