বড়দের ঝগড়ায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। ঝগড়ায় বাড়ির গৃহিণীরাও জড়িয়ে পড়েন। একপর্যায়ে মায়ের কোল থেকে চার মাস বয়সী এক শিশুকে ছিনিয়ে নিতে গিয়ে দুই পক্ষে টানাহেঁচড়া শুরু হয়। এ সময় হাত থেকে পড়ে শিশুর মাথায় কাঠের টুকরোর আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।বড়দের ঝগড়ায় অবুঝ শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে গত বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে। এ ঘটনায় রাতে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজন নারীকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তরকখলা গ্রামের সিরাজ মিয়ার বড় ভাই জামাল মিয়ার সঙ্গে বাড়ির জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। গত বুধবার দুপুরে সিরাজ মিয়ার স্ত্রী রাহেলা বেগম গোসল করতে গেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া থামাতে গিয়ে দুই ভাইয়ের স্ত্রীরাও জড়িয়ে পড়েন। সিরাজের স্ত্রী রাহেলার কোলে ছিল তাঁর চার মাস বয়সী শিশুকন্যা সুরাইয়া।কোলের শিশুকে নিয়ে দুই পক্ষের টানাহেঁচড়ার একপর্যায়ে হাত থেকে পড়ে যায় শিশুটি। এ সময় শিশুর মাথা কাঠের টুকরোর সঙ্গে আঘাত লেগে ফেটে যায়। সংজ্ঞাহীন অবস্থায় শিশুকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিশুটি।এ ঘটনায় রাতে নিহত শিশুর বাবা সিরাজ মিয়া বাদী হয়ে আটক রুফিয়াসহ চারজনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আটক রুফিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।