বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি
দিনাজপুরের ফুলবাড়ীর বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেছেন, ৩১ জানুয়ারির মধ্যে তাঁদের জমির মূল্য পরিশোধ এবং পুনর্বাসনসহ ১০ দফা সমঝোতা চুক্তি বাস্তবায়ন করা না হলে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হবে।গত রোববার দুপুরে খনি এলাকায় মানববন্ধন শেষে স্থানীয় বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, খনি এলাকার ১৩টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। এলাকার প্রায় সব কটি ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনায় ফাটল ধরেছে। বেশ কিছু ঘরবাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। গ্রামবাসী মারাত্মক ঝুঁকি ও উত্কণ্ঠার মধ্যে বসবাস করছেন। তিন বছর ধরে গ্রামগুলোর ফসলি জমি অনাবাদি হয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল, বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহ্বুব আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মণ্ডল, কলেজ শিক্ষক সুলতান মাহমুদ, কৃষক রুহুল আমিন, আবুল কালম আজাদ প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সরকারের কাছে দুটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার যত তাড়াতাড়ি প্রস্তাব দুটি অনুমোদন দেবে তত দ্রুত উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব হবে।