বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকরিয়া কয়লাখনি ঘেরাও করে রেখেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র নেতৃত্বে গতকাল সোমবার বেলা ১১টায় এক হাজারের বেশি নারী-পুরুষ খনি ঘেরাও করে দুই প্রধান গেটে অবস্থান করেন।গ্রামবাসী গাছ ফেলে রেল ও রাজপথ অবরোধ করেন। দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। খনি এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী বৈদ্যনাথপুর, বৈগ্রাম, কালুপাড়া, বলরামপুর, বাঁশপুকুর, পাঁচঘরিয়া, গোয়ালপাড়াসহ মোট ১১টি গ্রামের ৬৪৬ একর আবাদি জমি দেবে পানিতে তলিয়ে গেছে। দুই হাজার ৬০০ বাড়িঘর, ছয়টি মিল ও চাতালে ফাটল ধরেছে। সারা বছর কোমরসমান পানি, কোথাও বা বুকসমান পানি জমে থাকায় ওই সব জমিতে গত তিন বছর ধরে কোনো ফসল হয় না।ঘেরাও কর্মসূচি পালনকালে খনি কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো কর্তাব্যক্তি কথা না বলায় বিকেল তিনটার পর বিক্ষুদ্ধ হয়ে ওঠেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। তাঁরা কয়লাখনির প্রধান দুই ফটকের সাইনবোর্ডগুলো ভেঙে ফেলেন। খনির পাশ দিয়ে যাওয়া পার্বতীপুর-ঢাকাগামী রেল ও সড়কপথে বড় বড় গাছ ফেলে রাখেন। বিক্ষুব্ধ গ্রামবাসী কয়লাখনি থেকে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের কনভেয়ার বেল্ট কেটে ফেলেন। ফলে খনি থেকে তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ হয়ে যায়।বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, গত তিন বছরে খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নানা ধরনের আশ্বাস ও প্রলোভন দিয়েছে। পেট্রোবাংলা, স্থানীয় প্রশাসন, মন্ত্রী, সাংসদ যত প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোটাই রক্ষা করেননি। সর্বশেষ কাফনের কাপড় মাথায় বেঁধে আমরণ অনশন পালনকালে গত ১২ মে খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জুন মাসের মধ্যে গ্রামবাসীকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। এ অবস্থায় সরকার ও খনি কর্তৃপক্ষই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে আন্দোলনে ঠেলে দিয়েছে বলে জীবন ও সম্পদ রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন অভিযোগ করেন। দাবি আদায় না করে এবার গ্রামবাসী ঘরে ফিরবে না বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।খনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত দিনাজপুর পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধান করা পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়।