দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও এবং অবরোধ কর্মসূচি ক্ষতিগ্রস্ত গ্রামবাসী প্রত্যাহার করে নিয়েছে। গত সোমবার রাতে খনি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।সোমবার সকালে ক্ষতিগ্রস্ত গ্রামের হাজারখানেক নারী-পুরুষ ক্ষতিপূরণের দাবিতে কয়লাখনি ঘেরাও করে এবং খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। তারা রেললাইন ও সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন ও সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।বিষয়টি সুরাহার জন্য রাত সাড়ে ১০টায় গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে খনি কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। আড়াই ঘণ্টা বৈঠকের পর কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। রাত দেড়টায় আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিনসহ খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা, রংপুর ডিজিএফআইয়ের (গোয়েন্দা সংস্থা) দুজন প্রতিনিধি, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিব-উল-ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) সঞ্জিত কুমার রায়, হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার মণ্ডল ও আন্দোলনকারীদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল। সংগঠনের আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, ১৫-২০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া না হলে ফের কর্মসূচি দেওয়া হবে।