বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা এ বিক্ষোভ করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি প্রাঙ্গণে ওই সমাবেশ হয়। এতে খনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাঁচ দফা দাবি চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হওয়ার কথা। এ অবস্থায় পেট্রোবাংলা আমিনুজ্জামানকে সরিয়ে এস এম নুরুল আওরঙ্গজেবকে খনির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এর ফলে শ্রমিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।
দাবিগুলো হলো—কয়লা খনির অধীনে সব শ্রমিককে স্থায়ী নিয়োগ, শ্রমিকদের জন্য চিকিৎসক নিয়োগ, মুনাফা ও বোনাস দান, রেশনিং ব্যবস্থা ও ভূগর্ভে কর্মরত শ্রমিকদের জীবনবিমা সুবিধা প্রদান।
রবিউল আরও বলেন, ১০ আগস্ট স্থানীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এলাকায় আসবেন। বিষয়টি মন্ত্রীকে জানানো হবে। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে শ্রমিকেরা ধর্মঘট ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে খনি অচল করে দেবেন।
নতুন ব্যবস্থাপনা পরিচালক নুরুল আওরঙ্গজেব যোগদান করেননি। আমিনুজ্জামান এখনো দায়িত্ব পালন করছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।