বড়পুকুরিয়া কয়লাখনিতে দেশি শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমপরিমাণ লভ্যাংশের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সহস্রাধিক দেশি শ্রমিক গত সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। গতকাল মঙ্গলবারও এ কর্মবিরতি অব্যাহত ছিল। শ্রমিকেরা গতকাল সকালে খনির প্রধান ফটকের সামনে তেঁতুলতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে খনি প্রাঙ্গণে র্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মবিরতির কারণে খনির কয়লা উত্তোলন প্রায় বন্ধ হয়ে গেছে। কয়েকজন চীনা শ্রমিক ভূগর্ভের মেশিনগুলো চালু রেখেছেন। কর্তৃপক্ষ দাবি করছে, চীনা শ্রমিকেরা কয়লা উত্তোলন অব্যাহত রেখেছেন, তবে উত্পাদন কম হবে। বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের সংগঠন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, খনিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসির অধীনে ৮১৬ এবং জনবল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বপ্নপুরী’র অধীনে ২০৫ জন দেশি শ্রমিক কাজ করেন। দেশি শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলেন। ওই কয়লা বিক্রি করে কোম্পানি লাভ করেছে। এখন ঝাঁড়ুদার, পিওন, ড্রাইভারসহ পেট্রোবাংলার যাঁরা এক মিনিটের জন্যও কয়লা উত্তোলনের ক্ষেত্রে ভূমিকা রাখেননি তাঁরা প্রত্যেকে তিন লাখ ৭৬ হাজার টাকা করে লভ্যাংশ নিয়েছেন। কিন্তু যাঁদের কারণে কোম্পানি লাভবান হচ্ছে, তাঁদের খোঁজ নেই। খনির কর্মকর্তারা করুণা করে দেশি শ্রমিকদের চার হাজার ২০০ টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। লাভের টাকার সুষ্ঠু বণ্টন করা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকারি বিধান ও কোম্পানির নিয়মানুযায়ী খনিতে বছরে যে লাভ হবে, সেই লাভের পাঁচ শতাংশ টাকা সংশ্লিষ্ট কোম্পানির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা বোনাস পাবেন। ট্রাস্টি বোর্ড গঠন করে প্রায় তিন মাস আগে ওই টাকা বণ্টন করা হয়েছে। দেশি শ্রমিকেরা অস্থায়ী শ্রমিক হওয়ায় তাঁরা এর আওতায় পড়বেন না। তবে কল্যাণমুখী কর্মকাণ্ডের সঙ্গে যেহেতু দেশি শ্রমিকেরা জড়িত, সেই কারণে মানবিক দিক চিন্তা করে প্রত্যেককে চার হাজার ২০০ টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।