বড়পুকুরিয়া কয়লাখনিতে দেশি শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির দেশি শ্রমিকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় দুই শ্রমিক আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় খনির আবাসিক এলাকার ফটকের বাঁ পাশে এ ঘটনা ঘটে। এতে দেশি শ্রমিকদের সংগঠন ‘বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, অন্য অংশের নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম।জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে দেশি শ্রমিকদের রেশনিং ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বর্ধিত সভা ডাকেন। ওই সভাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও মারধর শুরু হয়। পরে শ্রমিকেরা বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ করেন।আহত শ্রমিক মো. জাব্বের হোসেনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শ্রমিক বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের সভাপতি রবিউল ইসলাম অভিযোগ করেন, সভা চলার সময় সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম সভাস্থলে এসে সভা বন্ধ রাখতে বলেন। তিনি হুমকি দেন, তক্ষুনি সভা বন্ধ না করলে লাশ ফেলে দেওয়া হবে। এর পরই শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তিনি আরও বলেন, কয়লাখনিটি বন্ধ করে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে একটি চক্র কাজ করছে। সরকারের ভাবমূর্তি নষ্ট ও দেশের সম্পদ নষ্টের জন্য চক্রটি সব সময় শ্রমিকদের উত্তেজিত করে রাখে। বিনা অজুহাতে শ্রমিকদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করে এবং খনিতে অস্থিরতার সৃষ্টি করে।পাল্টা অভিযোগ করে সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, সংগঠনের নিয়মনীতি না মেনে একতরফাভাবে সভাপতি সভা ডেকেছেন। সভাপতি সব সময় শ্রমিকদের স্বার্থবহির্ভূত কাজ করেন।বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালেক গতকাল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকদের কমিটি গঠনের সময় অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।