বড়পুকুরিয়া কয়লাখনিতে দেশি শ্রমিকদের বিক্ষোভ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে গত বৃহস্পতিবার থেকে দেশি শ্রমিকদের খনির ভেতর ঢুকতে নিষেধ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার খনির বাইরে দিনভর বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।জানা গেছে, খনি-কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে খনির দুই ফটকে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়। বিজ্ঞপ্তিতে কয়লা উত্তোলন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের (এক্সএমসি-সিএমসি) দেশি শ্রমিকদের বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য খনির ভেতর ঢুকতে নিষেধ করা হয়।সকালে দেশি শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে তাঁদের খনির ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এরপর সহস্রাধিক শ্রমিক কয়লা উত্তোলন শুরু ও কাজে যোগ দেওয়ার দাবিতে খনির ফটকে দিনভর বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘খনিতে কয়লা উৎপাদন নিয়ে কারিগরি সমস্যার সৃষ্টি হয়েছে। এ জন্য চীনা কর্তৃপক্ষের পরামর্শেই আপাতত দেশি শ্রমিকদের খনির ভেতর ঢুকতে নিষেধ করা হয়েছে।’জানা গেছে, গত ১১ মে খনির ১১০৮ নম্বর ফেইসে (খনিমুখ) ভূমিধসে একজন শ্রমিকের মৃত্যু ও ২০ জন আহত হন। ওই দুর্ঘটনার পর থেকে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ আছে। তবে শ্রমিকেরা অন্য কাজ করতেন। ১ জুলাই থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ার কথা ছিল।খনির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রায় এক মাস কাজ করে ওই খনিমুখটি পরিষ্কার করা হয়েছে। সপ্তাহ খানেক আগে খনির দুইজন ব্রিটিশ পরামর্শক দুর্ঘটনার স্থানটি পরিদর্শন করে আপাতত কয়লা উত্তোলন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক খনির একাধিক কর্মকর্তা জানান, ১১০৮ নম্বর ফেইসের ওপর একটি বড় পাথর আছে। ওই পাথরটি না সরানো পর্যন্ত কয়লা উৎপাদন করা যাচ্ছে না। এক্সএমসি-সিএমসি কর্তৃপক্ষ ছোট ছোট বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওই পাথর সরানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু ব্রিটিশ পরামর্শকেরা বলছেন, কোনো অবস্থাতেই ভূগর্ভের ওই স্থানে বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। বিস্ফোরণ ঘটালে পুরো খনিই মিথেন গ্যাসে ভরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন খনিটি হুমকির মুখে পড়বে।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, ‘খনি বন্ধের আশঙ্কা নেই। শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।’