বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত এলাকায় অঘোষিত কারফিউ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত এলাকার বড়পুকুরিয়া বাজারে অঘোষিত কারফিউ চলছে। স্থানীয় লোকজনের ভাষ্য, দায়িত্বরত পুলিশ রিকশা-ভ্যানচালকসহ সাধারণ পথচারীদের বেধড়ক পেটাচ্ছে। পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে দিচ্ছে না। গ্রামের মানুষজন বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকায় কারফিউ জারি করা হয়নি, মারধরের বিষয়টি সঠিক নয়। বাজারে লোকজনকে কম আসতে দেওয়া হচ্ছে। ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা ওই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছেন। সরকার-ঘোষিত প্যাকেজের পক্ষ ও বিপক্ষ নিয়ে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক পক্ষের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ এবং অন্য পক্ষ ‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’র লোকজনের মধ্যে বড়পুকুরিয়া বাজারে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গত শুক্রবার রাতে জীবন ও সম্পদ রক্ষা কমিটির পক্ষ থেকে ২৩ জনসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে পার্বতীপুর থানায় একটি মামলাও করা হয়। শনিবার সারা দিন বিক্ষুব্ধ লোকজনকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল ওই এলাকার দোকানপাট, স্কুল-কলেজ, মাদ্রাসা বন্ধ ছিল। বড়পুকুরিয়া বাজারের ধারে চারটি স্থানে ছিল পুলিশি পাহারা। বাঁশপুকুর গ্রামের কাসেম আলী বলেন, ‘বাজারে পুলিশ কারফিউ দিছে, যাকে পাচে, তাকেই লাঠি দিয়ে মারোচে।’ বৈ-গ্রামের মো. শরিফুল হক (২৪) বলেন, বাইসাইকেলে চড়ে সরদারপাড়ায় আত্মীয় বাড়িতে যাওয়ার সময় বড়পুকুরিয়া বাজারে পুলিশ তাঁকে লাঠিপেটা করেছে। একই অভিযোগ করেন বাঁশপুকুর গ্রামের ভ্যানচালক আবু তাহের, সরদারপাড়া গ্রামের স্কুলছাত্র মোশাররফ হোসেন, তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক আরিফুল ইসলাম, বড়পুকুরিয়া বাজারের ওষুধের দোকানদার আসাদ আলী ও পান-সিগারেটের দোকানি মো. হায়দার আলী। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিব-উল-ফেরদৌস বলেন, এখানে যে পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ প্রত্যাহার করা হলে বড় ধরনের রক্তপাতের ঘটনা ঘটবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।গত ৮ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ প্রদানে সরকার একটি প্যাকেজের ঘোষণা দেয়। এতে একরপ্রতি কৃষিজমির মূল্য ২০ লাখ টাকা, বসতভিটা একরপ্রতি ২৫ লাখ টাকা, ভূমিহীন প্রতি পরিবার দুই লাখ ও ক্ষুদ্র ব্যবসায়ী জনপ্রতি ৫০ হাজার টাকা পাবে বলে উল্লেখ করা হয়। জীবন ও সম্পদ রক্ষা কমিটি সরকারের ওই প্যাকেজ মেনে নিলেও ভূমি ও সম্পদ রক্ষা কমিটি তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি, সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী জমির গড় মূল্য ৪০ লাখ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য খনিনগর নির্মাণের প্রসঙ্গটি প্যাকেজে উল্লেখ করা হয়নি।