বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন এলাকার ১১টি গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০ মার্চের মধ্যে ক্ষতিপূরণের ঘোষিত টাকা দেওয়া না হলে খনি এলাকায় যেকোনো ধরনের অঘটনের দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে। সংবাদ সম্মেলন শেষে এলাকার পাঁচ হাজার মানুষ তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন রচনা করে।গতকাল বেলা ১১টায় খনিসংলগ্ন বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজমাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া জীবন ও সম্পদরক্ষা কমিটির নেতারা অভিযোগ করেন, ডিনামাইট ফাটিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে গোটা এলাকা প্রতিদিন একাধিকবার ভূকম্পনের মতো কেঁপে কেঁপে উঠছে। রাতে ভয়ে মানুষ ঘরে ঘুমোতে পারে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি হিসাব মতে, ভূমি অবনমনের কারণে সব মিলিয়ে ৬২৭ একর জমি দেবে গেছে। খনি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন পাঁচ বছরে ধরে ক্ষতিগ্রস্ত লোকজনকে স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। গত বছরের অক্টোবরে এলাকার সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিপূরণ দিতে ১৯০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন। প্যাকেজ অনুযায়ী, প্রতি একর আবাদি জমি ২০ লাখ টাকা, ভিটেবাড়ি বাবদ ২৫ লাখ টাকা, প্রতি ভূমিহীন পরিবার দুই লাখ টাকা এবং স্থান পরিবর্তনের জন্য ব্যবসায়ীরা নগদ ৫০ হাজার টাকা করে পাবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ করে, সরকার ও খনি কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করছে। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। এলাকার মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২০ মার্চের মধ্যে ১৯০ কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করা না হলে ২১ মার্চের পর খনি এলাকায় যেকোনো ধরনের অঘটন ঘটলে তার দায়ভার খনি কর্তৃপক্ষকেই নিতে হবে।এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ওসমান গনির সভাপতিত্বে বড়পুকুরিয়া জীবন ও সম্পদরক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল, সদস্য-সচিব বেলাল উদ্দিন, মাহবুব আলম চৌধুরীসহ এলাকার প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, স্থায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনে পুরো এলাকার ভূমি অধিগ্রহণের লক্ষ্যে জরিপের কাজ চলছে। জরিপ শেষ হলেই আমনের ক্ষতিপূরণ এবং পরবর্তী সময়ে প্যাকেজ বাস্তবায়ন করা হবে।