বড়পুকুরিয়া কয়লাখনির প্রশাসনিক ভবন অবরোধ
অবিলম্বে নয় মাসের বকেয়া ‘প্রোডাক্টিভ বোনাস’ প্রদান, ওয়াশিং মেশিন ক্রয়, শতকরা ১০ ভাগ শ্রমিককে দক্ষ শ্রমিকের মর্যাদা প্রদানসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার বড়পুকুরিয়া কয়লাখনির প্রশাসনিক ভবন অবরোধ করেন শ্রমিকেরা। পরে খনি কর্তৃপক্ষ ২০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির নিয়োগপ্রাপ্ত ৯৫৪ জন বাংলাদেশি শ্রমিক দীর্ঘদিন থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের সেপ্টেম্বরে শ্রমিক ও সিএমসি কর্তৃপক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতি টন কয়লা উত্তোলনের জন্য শ্রমিকদের ১৮ টাকা হারে প্রোডাক্টিভ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া শ্রমিকদের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য একজন বাঙালি চিকিৎসক নিয়োগ, শ্রমিকদের জন্য ওয়াশিং মেশিন ক্রয় এবং শতকরা ১০ ভাগ শ্রমিককে দক্ষ শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়।বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, খনি কর্তৃপক্ষ ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়ন করেনি। আগামী ২০ এপ্রিলের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।কয়লাখনির ব্যবস্থাপক (খনিজ) খান মোহামঞ্চদ জাফর সাদেক বলেন, চুক্তি অনুযায়ী পেট্রোবাংলা এখন পর্যন্ত সিএমসিকে প্রয়োজনীয় তহবিল জোগান দিতে না পারায় শ্রমিকদের প্রোডাক্টিভ বোনাস দেওয়া সম্ভব হয়নি। তবে ২০ এপ্রিলের মধ্যে তা দেওয়া হবে। শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করেই শ্রমিকদের অবশিষ্ট দাবিগুলো পূরণ করা হবে।