বড়পুকুরিয়া খনির কর্মচারীরা দ্বিতীয় দিনেও অবরুদ্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো খনি এলাকার ভেতর অবরুদ্ধ ছিলেন। বিগত আমন ফসলের ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী-বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা গত সোমবার সকাল ১০টা থেকে খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ করে রাখে।এদিকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে রেল ও সড়কপথ ৪৮ ঘণ্টা অবরোধ করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় খনির প্রধান ফটকের সামনে এক সমাবেশে তেল-গ্যাস কমিটির জেলা শাখার আহ্বায়ক আলতাব হোসাইন এ ঘোষণা দেন। সমাবেশে আরও বক্তব্য দেন কমিটির কেন্দ্রীয় সদস্য-সচিব আনু মুহাম্মদ, গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, কমিউনিস্ট লীগের সম্পাদক মোশারফ হোসেন এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুই দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। এর পরও উৎপাদন স্বাভাবিক রাখা হয়েছে। কর্মসূচি চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’জানা গেছে, ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী কালুপাড়া, জিগাগাড়ী, বলরামপুর, পাতরাপাড়া, মৌপুকুরসহ ১০টি গ্রামের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল এবং ফসলি জমি ও রাস্তাঘাট দেবে গেছে। এতে ৬২৭ দশমিক ৭৩ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৮৬ একর ধানি জমি, বাকি ১৪১ দশমিক ৭৩ একর বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট। প্রতি মৌসুমে প্রায় ২০০ পরিবারকে ফসলি জমির শস্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এ বছর আমন মৌসুমের শস্য ক্ষতিপূরণের টাকা গতকাল পর্যন্ত দেওয়া হয়নি।