বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিতরণ জোনকে কোম্পানিতে রূপান্তরিত করার প্রতিবাদে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকেরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৫০ জন শ্রমিক কর্মচারী ধর্মঘট শুরু করেন। গতকাল বুধবারও শ্রমিকেরা কাজে যোগ দেননি। সকাল ১০টা থেকে তাঁরা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা তাঁদের দাবির পক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রের ভেতরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান। তারা জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সেবা দিয়ে আসছে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী সরকারকে ভুল বুঝিয়ে রাতারাতি রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কোম্পানিতে রূপান্তরিত করে এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাই কোম্পানিকরণ চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই আন্দোলন করছে।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, জাতীয় শ্রমিক লীগের বড়পুকুরিয়া শাখার সভাপতি শহীদুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এ আন্দোলন চলবে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. মহব্বত আলী বলেন, এটি একটি স্বয়ংক্রিয় প্রকল্প। এরপরও প্রতিটি ইউনিটে যত প্রকার কাজ ও ঝুঁকি, তাতে শ্রমিক কর্মচারীরা ছাড়া বিদ্যুৎ উৎপাদন চলমান রাখা সম্ভব নয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।