বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৪৩ জন অনিয়মিত শ্রমিক গতকাল রোববার থেকে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকেরা সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামানের বরখাস্ত আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন।এর আগে গত শনিবার তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধের হুমকিসহ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ মো. নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে।শ্রমিকেরা জানান, গত ৭ মার্চ অনিয়মিত শ্রমিকের তালিকা ও তথ্য চেয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক-৩ (কর্ম) একটি চিঠি দেন। আগামী ৩০ দিনের মধ্যে ওই তালিকাটি কর্মচারী পরিদপ্তরে প্রেরণের অনুরোধ করা হয়। ওই চিঠির খোঁজ নিতে গেলে প্রধান প্রকৌশলী শ্রমিকদের অপমান করেন ও তাঁর কক্ষ থেকে দুই শ্রমিক নেতাকে বের করে দেন। সেই সঙ্গে মো. নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। শিগগির বরখাস্ত আদেশ প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ, স্থায়ী নিয়োগ ও বোর্ডের কাছে অনিয়মিত শ্রমিকদের তালিকা দ্রুত প্রেরণের দাবিতে তাঁরা এ কর্মবিরতি পালন করছেন।সমস্যা সমাধানে বেলা দুইটায় শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের শ্রমিক প্রতিনিধিদলের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠকে বসে। বিকেল পাঁচটা পর্যন্ত বৈঠক হলেও তাতে কোনো সুরাহা হয়নি।তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত শনিবার তাঁর কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছিল। এ সময় শ্রমিক সংগঠনের সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে তাঁরা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে নুরুজ্জামানকে সাত দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।নুরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, সমস্যার সমাধান হয়নি। কর্মবিরতি চলছে।