বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশের চারটি গ্রামে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে পানি ব্যবহারের ফলে তীব্র পানিসংকটে পড়েছেন আশপাশের অন্তত চারটি গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পাঁচ দফা দাবিতে গতকাল রোববার তাপবিদ্যুৎকেন্দ্রটির প্রধান ফটকে সমাবেশ করেছেন। পরে তাঁরা একই দাবিতে একটি স্মারকলিপিও দেন। দাবিগুলো হচ্ছে: পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের শেরপুর মৌজার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ প্রদান, খাওয়ার পানি সরবরাহের অসমাপ্ত কাজ ১০ দিনের মধ্যে শেষ করা, এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহ, খাওয়ার পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করা এবং ধাপের বাজার থেকে রামভদ্রপুর পর্যন্ত রাস্তা পাকা করে দেওয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে গতকাল সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে দুধিপুকুর, ইসবপুর, শেরপুর ও রামভদ্রপুর গ্রামের পাঁচ শতাধিক লোক অংশ নেন। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব আনারুল হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, শ্রমিকনেতা নুরুজ্জামান, শেরপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম প্রমুখ।সমাবেশ শেষে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীকে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির নেতারা।