বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ধর্মঘট স্থগিত
বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১০ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রমিক সরবরাহকারী চার ঠিকাদারি প্রতিষ্ঠান ও ৩ নম্বর ইউনিট নির্মাণের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের আশ্বাসে ধর্মঘট স্থগিত করে গতকাল শনিবার তাঁরা (শ্রমিক) কাজে যোগ দিয়েছেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, তাপবিদ্যুৎকেন্দ্রে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালের আগস্ট মাসে। ইউনিটটি নির্মাণ করছে চায়না ঠিকাদারি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল ও সিসিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তারা স্থানীয় শ্রমিক সরবরাহকারী ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস লিমিটেড, মেসার্স নুস আত সেলস সেন্টার, মেসার্স জহির ট্রেডার্স ও মেসার্স এমএন ট্রেডার্সের কাছ থেকে শ্রমিক নিয়ে ওই নির্মাণকাজ শুরু করে। বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। দৈনিক ২৬০ টাকা মজুরির ভিত্তিতে সেখানে প্রায় ৫০০ শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের সাপ্তাহিক ছুটি দেওয়া হয় না ও কোনো কারণ ছাড়াই যখন-তখন কাজ থেকে বাদ দেওয়া হয়। এ কারণে গত শুক্রবার ওই শ্রমিকেরা বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি, যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১০ দফা দাবিতে কাজ বন্ধ করে দেন। শ্রমিকেরা কাজ বন্ধ করার পরপরই ওই চার শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান ও চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের সঙ্গে আলোচনায় বসে।
আন্দোলনরত শ্রমিকদের এক নেতা জয়ন্ত রায় বলেন, ‘পাঁচ দিনের মধ্যে শ্রমিকদের বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন স্থগিত করে গতকাল দুপুরে কাজে যোগ দিয়েছি।’
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বলেন, পাঁচ দিনের মধ্যে দাবি বিবেচনার আশ্বাসে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।