বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ বন্ধের হুমকি
পানি ও বিদ্যুতের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে পার্শ্ববর্তী দশটি গ্রামের বাসিন্দাদের সংগঠন ‘পানি ও বিদ্যুৎ সংগ্রাম কমিটি’। তাদের অভিযোগ, কেন্দ্রের আশপাশে স্থাপিত ১৪টি পাম্পের মাধ্যমে উত্তোলন করা পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার ফলে ওই সব গ্রামের লোকজন দীর্ঘদিন থেকে ঠিকমতো পানি পাচ্ছেন না। এ ছাড়া গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহও ঠিকমতো করা হচ্ছে না। গতকাল বুধবার বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাসুদ রানা প্রমুখ। জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপবিদ্যুৎকেন্দ্র এলাকার দুধিপুকুর, রামভদ্রপুর, ইসবপুর, শেরপুরসহ ১০টি গ্রামের আশপাশে ১৪টি বড় ধরনের পাম্প বসানো হয়েছে। এসব পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি তোলার কারণে ওই গ্রামগুলোতে দীর্ঘদিন থেকে পানির তীব্র সংকট চলছে। সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রামবাসীর সমস্যাসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একাধিকবার ধরনা দেওয়া হয়েছে। তাঁরা শুধুই আশ্বাস দেন। দিনাজপুর জেলা প্রশাসক গত ২৫ সেপ্টেম্বর কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। পরে আরও ১৫ দিন সময় চান। কিন্তু এ পর্যন্ত কাজের কাজ কিছুই করেননি। তিনি বলেন, ২৫ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান করা না হলে ২৬ অক্টোবর সকাল থেকে তাপবিদ্যুৎকেন্দ্রের পানি সরবরাহ বিচ্ছিন্ন করা হবে। প্রশাসন বাধা দিলে খনির সামনে রেলপথ ও রাজপথ অবরোধ এবং তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হালদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয়দের সমস্যা নিরসনের চেষ্টা চলছে। তবে সময় দিতে হবে।