বড়পুকুরিয়া পুনর্বাসন প্রকল্প প্রত্যাখ্যান, আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হওয়া পুনর্বাসন প্রকল্প প্রত্যাখ্যান করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, ঘোষিত প্রকল্পে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পুনর্বাসনে মাইনিং সিটি নির্মাণ, সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের কোনো কথা নেই।গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন। ওই প্রকল্প পাসের প্রতিবাদে কমিটি গতকাল শুক্রবার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এবং শনিবার বিকেলে বড়পুকুরিয়া বাজারে জনসভা কর্মসূচির ঘোষণা দিয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর এলাকার সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে এক সভায় ক্ষতিপূরণ প্রদানের যে ‘প্যাকেজ’ ঘোষণা করেছেন, সেখানে প্রতি একর কৃষিজমির মূল্য ২০ লাখ টাকা এবং আবাসিক জমির মূল্য ২৫ লাখ টাকা উল্লেখ রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবির মুখে তিনি একরপ্রতি ৩০ লাখ টাকা আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁরা বলেন, সরকারের সঙ্গে চুক্তির প্রতিটি শর্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মাইনিং সিটি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তাঁরা তা মানবেন না এবং কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালের ১৮ মে সরকারের পক্ষে পেট্রোবাংলা ও বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে খনি এলাকার কাছে কমপক্ষে ৩০০ একর জমি কিনে সেখানে মাইনিং সিটি তৈরি করার কথা উল্লেখ রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী খনিতে চাকরি, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও কর্মসংস্থানের ব্যাপারে প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু ৯ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে যে প্রকল্প পাস হয়েছে, তাতে এসবের কিছুই নেই। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, সংবাদ সম্মেলনকারী ব্যক্তিরা ভুল ব্যাখ্যা দিয়েছেন। কারণ, গত ৮ সেপ্টেম্বর ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে বৈঠক হয়, সেখানে প্রতি একর কৃষিজমির মূল্য ছয় লাখ টাকা এবং পুনর্বাসনের জন্য ১৪ লাখসহ মোট ২০ লাখ টাকা ধরা হয়েছিল। অন্যদিকে আবাসিক ও বাণিজ্যিক জমির দাম প্রতি একর নয় লাখ টাকা এবং পুনর্বাসন বাবদ ১৬ লাখসহ মোট ২৫ লাখ টাকা ধরা হয়েছিল। ২০০৯ সালের ১৮ মে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিনিধিদের সঙ্গে যে চুক্তি হয়েছে, সে চুক্তির আলোকেই একনেকে প্রকল্প পাস হয়েছে।