বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার দুই আবেদন খারিজ
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ৩০ আগস্ট এ মামলায় দেওয়া রুলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচারিক আদালতের নথি এবং এ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া তদন্ত কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনের নথি তলব চেয়ে এ আবেদন দুটির ওপর গত বুধবার শুনানি হয়। গতকাল আদেশের জন্য দিন ধার্য ছিল।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আবেদন দুটি খারিজ করে দিয়ে ৩০ আগস্ট রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন।
খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ২০০৮ সালের জুনে এ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দুদকে চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। কিন্তু ওই চূড়ান্ত প্রতিবেদন বিচারিক আদালতে না দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। একই বিষয় নিয়ে পুনঃ তদন্ত করার বিধান দুদক আইনে নেই। একমাত্র আদালত চাইলে পুনঃ তদন্তের নির্দেশ দিতে পারেন। কিন্তু দুদক নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে এবং তারপর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটা আইনসম্মত নয়। এ জন্য ওই আবেদন দুটি করা হয়েছিল।