বড়পুকুরিয়া মামলায় খালেদার আবেদনের রায় বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি রায়ের জন্য এসেছে।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছিলেন।
গত ২৩ আগস্ট খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। ৩০ আগস্ট রুল শুনানি শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে রুল দেন এবং নিম্ন আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। চলতি বছরের শুরুতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রুলের শুনানি শুরু হয়।