বড়পুকুরিয়া-সংলগ্ন ২১ গ্রামে তীব্র পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন তিনটি ইউনিয়নের ২১টি গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকার অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্র চালু রাখতে ভূগর্ভ থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি তোলা হয়। এ কারণে পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় আশপাশের এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। পানিসংকট নিরসনে সম্প্রতি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে তিনটি গ্রামে ওভারহেড ট্যাংকের মাধ্যমে গভীর নলকূপ বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল।সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া, পাতিগ্রাম, পাতরাপাড়া, বৈগ্রাম, চৌহাটি, বাঁশপুকুর, কালুপাড়া, মৌপুকুর, বলরামপুর, জিগাগাড়ী, ইসবপুর, ধুলাউদাল ও পূর্ব সুকদেবপুর; হাবড়া ইউনিয়নের পূর্ব শেরপুর, পশ্চিম শেরপুর, ভবানীপুর, রামরায়পুর ও রামচন্দ্রপুর এবং ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর ও দুধিপুকুর গ্রামের অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না। এসব গ্রামের বাসিন্দারা আশপাশের বোরোখেতের সেচযন্ত্রের পানি দিয়ে গোসলসহ বিভিন্ন গৃহস্থালির কাজ করছে। এই সেচযন্ত্র থেকেই তারা খাবার পানি সংগ্রহ করছে।রামভদ্রপুর গ্রামের ওবায়দুল, রামরায়পুর গ্রামের মাহালিপাড়ার খেট্টু হেমরন ও বাঁশপুকুর গ্রামের মোমেনা বলেন, ২০০৬ সালে তাপবিদ্যুৎকেন্দ্র চালুর পর থেকে তাঁদের গ্রামে পানির সংকট শুরু হয়। এ সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন দূরের সেচযন্ত্র থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে গিয়ে তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, খনির কয়লা উৎপাদন নির্বিঘ্ন রাখতে খনির ভেতর থেকে পাম্পের সাহায্যে প্রতি ঘণ্টায় প্রায় দেড় হাজার কিউবিক মিটার পানি তুলতে হয়।বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক বলেন, কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিটের বয়লার ঠান্ডা রাখতে প্রতিদিন এক হাজার কিউসেক পানির প্রয়োজন হয়। বিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী শেরপুর গ্রামে বসানো ১৪টি গভীর নলকূপ থেকে এ পানি সরবরাহ করা হচ্ছে। এ কারণে ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়া স্বাভাবিক।পার্বতীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির হোসেন বলেন, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রে আশপাশের গ্রামগুলোর প্রায় সব অগভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। বর্ষা মৌসুম না আসা পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী গ্রামগুলোতে তীব্র পানির সংকটের কথা স্বীকার করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস বলেন, এ সংকট নিরসনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ওভারহেড ট্যাংক নির্মাণ করে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।এ ব্যাপারে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে গভীর নলকূপ, ওভারহেড ট্যাংক ও পাইপ বসানোর জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকার প্রধান প্রকৌশলী ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর চেয়ারম্যানের কাছে পৃথক দুটি ‘ডিও লেটার’ পাঠানো হয়েছে।