দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সরকার-ঘোষিত ক্ষতিপূরণের অবশিষ্ট টাকা ঈদুল ফিতরের (রোজার ঈদ) আগেই দেওয়া হবে। জেলা প্রশাসনের চূড়ান্ত তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া ১৫৫ ভূমিহীনের অতিরিক্ত আরও ১৬৩ জন ভূমিহীনও ক্ষতিপূরণের টাকা পাবেন। এ ছাড়া ৯ জুলাই শতভাগ ক্ষতিপূরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি অবরোধের সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ গ্রামবাসীর বিরুদ্ধে খনি কর্তৃপক্ষ ও পুলিশের দায়ের করা দুটি মামলাও প্রত্যাহার করা হবে। এ সময়ের মধ্যে পুলিশ কোনো গ্রামবাসীকে গ্রেপ্তার কিংবা হয়রানি করতে পারবে না। বড়পুকুরিয়ায় গতকাল রোববার এক মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ ঘোষণা দেন। বড়পুকুরিয়া কয়লাখনি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের এ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম, বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (গণসংযোগ) নূরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন বড়পুকুরিয়া কয়লাখনি জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ভূমিহীনদের দাবি প্রসঙ্গে বলেন, পেট্রোবাংলা ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি, গাছপালা, অবকাঠামো ও ভূমিহীনদের তালিকা প্রস্তুত করেছে। এসব তালিকায় কোনো ভুলত্রুটি থাকলেও তা সংশোধনের ক্ষমতা জেলা প্রশাসক, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীরও নেই। এর পরও খনি এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১৮ ভূমিহীনের তালিকা ও অন্যান্য দাবি মেনে নিয়ে অবশিষ্ট ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত ক্ষতিপূরণ পাওয়ার পর অবশ্যই তাঁরা বাসাবাড়ি ও অন্যান্য অবকাঠামো ছেড়ে দেবেন। ভূমিহীনদের পুনর্বাসনের জন্য হামিদপুর ইউনিয়নের ধুলা উধাল এলাকায় ৩০ একর জমিতে আবাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র ও বাজার নির্মাণ করা হবে। এ প্রসঙ্গে ইব্রাহিম খলিল বলেন, ‘জেলা প্রশাসনের গড়িমসির জন্য এত দিন ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা পাইনি। মন্ত্রী মহোদয়ের ঘোষণামতো ক্ষতিপূরণ দেওয়া হলে আমাদের কোনো অভিযোগ থাকবে না।’